অধিনায়ক হওয়ার পর থেকেই ওয়ানডে ক্রিকেট দেখছে নতুন চেহারার অ্যালিস্টার কুককে। পরশু দেখা গেল আরেকবার। অধিনায়কের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে উড়িয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড (২-০)। নিয়মিত অধিনায়ক হওয়ার পর ২১ ইনিংসে চতুর্থ সেঞ্চুরি পেলেন কুক, আছে ছয়টি ফিফটিও!ইংল্যান্ড অধিনায়ক জয়টা উৎসর্গ করেছেন ম্যাচের আগের দিন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অকালমৃত ক্রিকেটার টম মেনার্ডকে। মেনার্ডের ঘরের মাঠ ওভালে ম্যাচটি ইংলিশদের জন্য ছিল দারুণ আবেগের। ম্যাচের শুরুতে নীরবতা পালন করা হয়েছে এক মিনিট, কালো আর্ম ব্যান্ড পরেন ক্রিকেটাররা। ম্যাচ শেষে কুক বললেন সেই আবেগের কথা, ‘ওর মৃত্যু অবিশ্বাস্য একটা দুঃখের খবর। ছেলেরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’ইংল্যান্ডের আবেগকে জয় করার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্ষোভ প্রকাশ করেছে টিভি আম্পায়ারের ওপর। সোয়ানের বলে ক্রিস গেইলকে এলবিডব্লু দিয়েছেন মাঠের আম্পায়ার টনি হিল। ব্যাটে লেগেছে ভেবে সঙ্গে সঙ্গে রেফারেল নেন ৫১ বলে ৫৩ করা গেইল। রিপ্লেতেও পরিষ্কার বোঝা না যাওয়ায় সিদ্ধান্তটি বহাল রাখেন টিভি আম্পায়ার। ওয়েবসাইট।