মাত্র ৫৫ মিনিট। এই সময়ের মধ্যেই অনেক কিছু ঘটল। ভারত অলআউট হয়ে গেল দিনের দ্বিতীয় ওভার পূর্ণ হওয়ার আগেই। নব্বইয়ের ঘরে গিয়ে আটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য মাত্র ৪১ রানের লক্ষ্য ছুঁতে গিয়েই টপাটপ উইকেট পড়তে থাকল ইংল্যান্ডের। ৮ রানের মধ্যেই কুক-ট্রট-পিটারসেনকে হারিয়েও শেষ পর্যন্ত সিরিজে ২-১ লিড নিয়ে নিল ইংল্যান্ড! ১৯৯৯-২০০০ মৌসুমের পর এই প্রথম ঘরের মাটিতে টানা দুটো টেস্ট হারল ভারত। ১৯৭৭ সালের পর এই প্রথম ভারতে টানা দুই টেস্টে জিতল ইংল্যান্ড। ১৯৮৪-৮৫ মৌসুমে ভারতের মাটি থেকে সর্বশেষ টেস্ট সিরিজ জিতে গিয়েছিল কোনো ইংলিশ দল। প্রায় তিন দশক পর আবার সেই কীর্তির সামনে দাঁড়িয়ে অ্যালিস্টার কুকের দল। সিরিজে ২-১-এ এগিয়ে মানসিকভাবেও এগিয়ে আছে তারা। ১৩ ডিসেম্বর নাগপুরে শুরু শেষ টেস্ট পাহাড়সমান চ্যালেঞ্জ তাই মহেন্দ্র সিং ধোনির দলের সামনে। সিরিজ ড্র করতে চাইলে ওই ম্যাচ জিততেই হবে। ইংল্যান্ডের জন্য কাজটা অনেক সহজ। নাগপুর টেস্ট ড্র হলেও তারা সিরিজ বিজয়ী!ক্যারিয়ারে এমন দুঃসময় খুব বেশি আসেনি ধোনির। তবে ভারতের অধিনায়ক কাল ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি প্রস্তুত, ‘অধিনায়ক হিসেবে এটা আমার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ। দল ভালো খেললে সেই দলের নেতৃত্ব দেওয়া খুব সহজ। ওই সময়ে দলে নেতারও দরকার হয় না। দল যখন ভালো করে না, তখন দলকে পথ দেখানোই আসল নেতৃত্ব। দলকে এক সুতায় বেঁধে রাখা; তরুণদের, সিনিয়রদের সমর্থন দিয়ে যাওয়া; দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা—এটাই তো নেতৃত্ব।’ভারতীয় দলটা নতুন যুগে প্রবেশ করছে। কুম্বলে-সৌরভের পথ ধরে দ্রাবিড়-লক্ষ্মণও বিদায় নিয়েছেন। টেন্ডুলকারের মাথায়ও পাহাড়বোঝা। তবে ধোনি বিপদের মুখোমুখি দাঁড়াতে নির্ভীক, ‘আমার জন্য এখন সহজ কাজ হলো অধিনায়কত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সদস্য হিসেবে খেলা। কিন্তু সেটা হবে দায়িত্ব ছেড়ে পালানো। সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই অন্যরা আছে। কিন্তু আমার দায়িত্ব দলকে একতাবদ্ধ রেখে পরের টেস্টের জন্য প্রস্তুত করা।’ধোনিও চাপের মুখে। সিরিজে ১৮.৪০ গড়ে মাত্র ৯২ রান। একটি মাত্র ফিফটি। অন্যদিকে কুকের ব্যাটে এসেছে তিনটা সেঞ্চুরি। ১০৯.৬০ গড়ে করেছেন ৫৪৮ রান। দুই অধিনায়ক আক্ষরিক অর্থেই দুই প্রান্তে। ইংল্যান্ড দলকে কাল বাহবা দিলেন কুক। নিজের কৃতিত্ব আড়াল করে সেটা ভাগ করে দিলেন বাকিদের এবং মনে করিয়ে দিলেন, আসল কাজ এখনো বাকি। সেটা করে দেখাতে হবে নাগপুরে। নাগপুর টেস্টের দলে ভারতের জন্য এরই মধ্যে বড় ধরনের পরিবর্তন আসছে। জহির খান, যুবরাজ ও হরভজন সিং বাদ পড়েছেন। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন দিল্লির ফাস্ট বোলার পারবিন্দর আওয়ানা ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। হরভজনের জায়গায় এসেছেন পীযূষ চাওলা। ওয়েবসাইট।