কুকদের কাছে আত্মবিশ্বাসই আসল
২০১১ সালে নিজেদের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও ওয়ানডে সিরিজে ৩-০-তে হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু মাস কয়েক পরই ভারতে এসে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হতে হয় কুকের দলকে। সেই ইংল্যান্ডই এবার ভারতে ওয়ানডে সিরিজটা শুরু করল জয় দিয়ে। পরশু রাজকোটের প্রথম ওয়ানডেতে ৯ রানে জিতে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজটাও জয়ের পথে তারা এগিয়ে থাকল। ভারতের কন্ডিশনে ইংল্যান্ডের এই বদলে যাওয়ার কারণ কী? অ্যালিস্টার কুক বলছেন, আত্মবিশ্বাসটাই আসল।ভারতের মাটিতে ৩১ বছর পর টেস্ট সিরিজ জয় ইংলিশদের আত্মবিশ্বাস এমনিতেই বাড়িয়ে দিয়েছে। কুকের দাবি, প্রথম ওয়ানডে জিতেও তাঁদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কারণ, এটা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’ পরশু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক গত বছরের দলটার সঙ্গে একটা তুলনা টেনেছেন, ‘আমি মনে করি, এ দলটাও প্রায় একই রকম, গত সফরে যে দলটা নিয়ে এসে আমরা এখানে ৫-০-তে হেরেছিলাম। কাজেই শুরুতেই জয় পাওয়া, বিশেষ করে প্রথম ম্যাচেই, এতেই প্রমাণিত হয় তারা (খেলোয়াড়েরা) এই কন্ডিশনে খেলতে পারে।’ যদিও ১-০-তে এগিয়ে গিয়েও সিরিজে ভারতকেই ফেবারিট বলছেন কুক।অন্যদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আক্ষেপ, বোলিংয়ে শেষ দুটি ওভারই ডুবিয়েছে তাঁদের। শেষ দুই ওভারে ৩৮ রান দেন ভারতীয় বোলাররা। ওয়েবসাইট।