কুকদের পা মাটিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে মাঠের তাৎক্ষণিক উল্লাস, ড্রেসিংরুমে শ্যাম্পেনের বোতল খোলা, পরস্পর খুনসুটি আর পিঠ চাপড়ে দেওয়া—উদ্যাপন বলতে গেলে এটুকুই! একসময় অস্ট্রেলিয়ার দুর্গ হয়ে ওঠা লর্ডসেই চিরশত্রুদের উড়িয়ে দিয়ে সিরিজে ২-০-তে এগিয়ে যাওয়ার পরও কুকদের উচ্ছ্বাসের বাড়াবাড়ি নেই। নেই আবেগের তীব্রতা। এতে বিস্মিত হওয়ার চেয়েও অস্ট্রেলিয়ানদের শঙ্কিত হওয়ার কারণই বেশি। বার্তাটা তো পরিষ্কার—কাজ শেষ নয় এখনই!এখনো অ্যাশেজ জেতা হয়নি, নিশ্চিত হয়নি ধরে রাখাও। তবে সেসব নিয়ে সংশয় এখন খুব সম্ভবত কম লোকেরই আছে। দুই টেস্ট পরই বরং মূল প্রশ্ন হয়ে উঠছে—৫-০ হবে কিনা? প্রথম অ্যাশেজ অভিজ্ঞতাটা হয়তো কোনো দিনই ভুলবেন না অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ায় গিয়ে হেরে এসেছিলেন সব টেস্ট। ওই ধবলধোলাই লজ্জার প্রতিশোধ এখন অনেকেই মনে করছেন স্রেফ সময়ের ব্যাপার।তবে সময়ের আগে দৌড়াতে চান না কুক। শরীরী ভাষা আর পরিমিত উদ্যাপনে যা পরস্ফুিট, ইংলিশ অধিনায়কের কথায়ও সেটিরই প্রতিফলন, ‘ওসব (ধবলধোলাই) ভাবার সময় এখনো হয়নি নিশ্চিতভাবেই। এই দুটি টেস্ট জিততে কত কষ্ট করতে হয়েছে, সেটা বোঝার জন্য তাকাতে হবে আমাদের ড্রেসিংরুমে। আপনারা যা কিছু ভাবতে বা বলতে পারেন, কিন্তু আমরা জানি আগামী ম্যাচগুলো কতটা কঠিন হবে। আমরা সহজেই সব পেয়ে যাব এমন ভাবতে চাই না বা বিন্দুমাত্র ঢিলও দিতে চাই না। ওল্ড ট্রাফোর্ডের (পরের টেস্ট) প্রথম ঘণ্টার চেয়ে দূরে কোথাও তাকাচ্ছিও না আমরা। অ্যান্ডি ফ্লাওয়ারের কাজ করার ধরন তা নয়, এই ইংল্যান্ড দলের চিন্তাভাবনাও এমন নয়।’রানের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের এটি দ্বিতীয় বৃহত্তম জয়। তবে আসলে জয়টা কতটা ‘কঠিন’ ছিল, সেটার কিছু নমুনাও দিলেন কুক, ‘ম্যাচের কিছু কিছু মুহূর্তে আমরা প্রচণ্ড চাপে ছিলাম। সেখান থেকে বেরিয়ে আসার কৃতিত্ব ছেলেদের। ম্যাচের প্রথম সকালে ৩০ রানে ৩ উইকেট হারানো আদর্শ কিছু ছিল না, শেষ বিকেলে আবার কটি উইকেট হারানোর পর দিনটি ছিল আসলে সমানে সমান। কিন্তু ব্যাটে-বলে ঘুরে দাঁড়িয়ে আমরা ওদের গুঁড়িয়ে দিয়েছি।’প্রথম ইনিংসে ২৪৩ রান এগিয়ে থেকেও অস্ট্রেলিয়াকে ফলোঅন করায়নি ইংল্যান্ড। বরং নিজেরা ব্যাটিংয়ে নেমে আরও পৌনে আট ঘণ্টা খাটিয়ে মেরেছে প্রতিপক্ষকে। পৌঁছে দিয়েছে ক্লান্তির শেষ সীমায়, গুঁড়িয়ে দিয়েছে মনোবল। ফলো অন না করানোর কারণ ব্যাখ্যায় এটাই বললেন ইংলিশ অধিনায়ক, ‘এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা জানি এত লম্বা সময় মাঠে থাকা কতটা কঠিন।’কুকরা পা যতই মাটিতে রাখুন, সাফল্যবুভুক্ষু ইংলিশ সংবাদমাধ্যম ভেসে গেছে উচ্ছ্বাসে। দুবার খেলেও অ্যাশেজ জয়ের স্বাদ না পাওয়া সাবেক পেসার এবং ডেইলি টেলিগ্রাফ-এর ক্রিকেট প্রতিনিধি ডেরেক প্রিঙ্গল লিখেছেন, ‘১৮৮২ সালে ইংলিশ ক্রিকেটের একটি অবিচ্যুয়ারি থেকে অ্যাশেজের জন্ম, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে টানা চারটি অ্যাশেজ টেস্ট হারল, তাতে মনে হচ্ছে পোড়ানোর জন্য ওরা নতুন একটি শবদেহের জন্ম দিতে চাইছে।’ ডেইলি মিরর-এর শিরোনাম, ‘লজ্জা; আর কোনো উপযুক্ত শব্দ নেই।’ ডেইলি মেইল লিখেছে, ‘এর চেয়ে দাপুটে জয় আর হয় না।’ ‘লর্ডস্ অব দ্য ম্যানর’ শিরোনামে দ্য সান লিখেছে ‘গো ফর দ্য কিল।’পরের টেস্ট ১ আগস্ট থেকে। লম্বা বিরতিতে ছয় দিনের ছুটি দেওয়া হয়েছে ইংলিশদের। রোববার ম্যানচেস্টারে আবার যখন একসঙ্গে হবে দল, ফ্লাওয়ার হয়তো শিষ্যদের ওটাই বলবেন, ‘গো ফর দ্য কিল!’ এএফপি, ওয়েবসাইট।