কুকদের বয়কটের ভৎসনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিংকে ‘ভাঁড়ে’র সঙ্গে তুলনা করলেন বয়কট।
সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিংকে ‘ভাঁড়ে’র সঙ্গে তুলনা করলেন বয়কট।

অ্যাশেজ সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা আরও কত দিন সামলাতে হবে কুকদের, তা কে জানে! সিডনিতে চূড়ান্ত পরাজয়ের পর সেই যে শুরু হয়েছে, আর থামাথামি নেই! সমালোচনার তিরে প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছে কুক বাহিনী। সাবেকেরা প্রায় সবাই খড়্গহস্ত ইংলিশ দলের প্রতি। এবার জিওফ বয়কটও হাজির তাঁর স্বভাবসিদ্ধ খিস্তি নিয়ে। তিনি তার দেশের ক্রিকেট দলকে অভিহিত করেছেন ‘ভাঁড়’ হিসেবে। বলেছেন, ইংলিশ ব্যাটসম্যানরা নাকি ‘ভাঁড়ে’র মতো ব্যাটিং করেছে।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে হেরে যাওয়ার পর বয়কট কলম ধরেছেন ডেইলি টেলিগ্রাফ পত্রিকার জন্য। তিনি নিজের কলামে কুক বাহিনীর দুর্বলতা উগড়ে দিয়েছেন বড় নিষ্ঠুরভাবে। তাঁর ক্ষোভের আরও একটি বড় কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তির রসদ। তাঁর মতে, অস্ট্রেলিয়ার এই দলটি যেখানে অতটা ভালো নয়, তাই তাদের কাছে ইংল্যান্ডের এই শোচনীয় পরাজয় যারপরনাই লজ্জার,‘সর্বশেষ (২০০৬-০৭) ইংল্যান্ড যে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছিল, সে দলে ছিল শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও অ্যাডাম গিলক্রিস্টের মতো গ্রেট খেলোয়াড়। অস্ট্রেলিয়ার এই দলে সে ধরনের খেলোয়াড় কই? আমি যথেষ্ট মর্মাহত ইংল্যান্ডের এই ন্যাক্কারজনক পরাজয়ে।’
বয়কট অভিযোগ করেছেন ইংলিশ ক্রিকেটারদের মনঃস্তত্ত্ব নিয়েও। তাঁর ধারণা এখনকার ক্রিকেটাররা একেবারেই ক্রিকেট নিয়ে ভাবেনা। ক্রিকেটাররা মাঠের বাইরের কোচিং স্টাফ প্রমুখদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ব্যক্তিগত পর্যায়ে ক্রিকেট নিয়ে না ভাবার কারণেই, ইংলিশ ক্রিকেটের ওপর এত বড় বিপর্যয় নেমে এসেছে বলে অভিমত দিয়েছেন ব্যকরণসিদ্ধ ক্রিকেটের এই প্রবাদ পুরুষ।