
অসহায়, বিপন্ন এবং হাস্যকর।
চাইলে ইংল্যান্ড দলের আগে এমন আরও কিছু বিশেষণ ব্যবহার করা যায়। কিন্তু তার কি আর দরকার আছে?
লজ্জাজনক হার, সিরিজের মাঝপথে মানসিক অবসাদে আক্রান্ত হয়ে একজনের ফিরে যাওয়া, আরেকজনের আকস্মিক অবসর—সফর যতটা বাজে হওয়া সম্ভব, এ পর্যন্ত তার সবটাই দেখেছে ইংল্যান্ড। বাকি আছে শুধু ধবলধোলাই হওয়া। অ্যালিস্টার কুকের দল সেই লজ্জাতেও ডুববে, নাকি লড়বে সম্মান বাঁচানোর জন্য? এ লেখা পড়ার আগেই পাঠকেরা কিছুটা আভাস পেয়ে গেছেন। বাকি দুই টেস্টের প্রথমটি আজ ভোরেই শুরু হয়ে গেছে মেলবোর্নে।
ক্ষতি যা হওয়ার আগেই হয়েছে। কিন্তু তার পরও গ্রায়েম সোয়ানের হঠাৎ অবসরের ঘোষণা এবং তারপর করা তাঁর মন্তব্য আরও একটা বড় ধাক্কা দিয়েছে ইংল্যান্ড দলকে। এটুকু অন্তত স্পষ্ট, অ্যাশেজ হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ইংল্যান্ডের ড্রেসিং রুমও বিপর্যস্ত। তবে এই সিরিজে সোয়ানের পারফরম্যান্স বলছে, তাঁকে হারিয়ে খুব বেশি ক্ষতি হয়নি ইংল্যান্ডের। তিন টেস্টে ৮০ গড়ে মাত্র ৭ উইকেট পেয়েছিলেন। অবসর না নিলে মেলবোর্নে আজ তাঁকে দলে রাখা হতো কি না, সেই আলোচনাটাও উঠেছে। ব্যাপারটা স্পষ্ট গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক কুকের কথায়ও, ‘ও বাকি দুটি ম্যাচে থাকতে পারত। দলে খেলা না-খেলা বড় ব্যাপার ছিল না। কিন্তু সে এমন ভাব করল, যেন ক্রিকেটকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই।’
সোয়ানকে বাকি দুই টেস্টে না পাওয়ার আক্ষেপটা যে শুধু তাঁর পারফরম্যান্সের কারণে নয়, সেটা বুঝতে পারছেন? সদা হাস্যোজ্জ্বল সোয়ান অন্তত মানসিকভাবে চাঙা রাখতে পারতেন ইংল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার কৃতিত্ব এখানেই। ওরা শুধু লজ্জাজনকভাবে হারিয়েই ক্ষান্ত হয়নি, কুকের দলের মনোবল একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এখন শুধু মেলবোর্ন আর সিডনিতে দুটি জয় পেলেই ‘ভস্মাধার উদ্ধার অভিযানের’ ষোলকলা পূর্ণ হয়। আগের দিন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও সেই ইচ্ছেটাই জানিয়েছেন, ‘হয়তো এই ছন্দটা এক সপ্তাহ, এক মাস, ছয় মাস কিংবা এক বছর থাকবে। আমাদের উচিত এই সুযোগটা পুরোপুরি কাজে লাগানো।’
একেবারে উল্টো অবস্থা ইংল্যান্ডের। ব্যাটিং-বোলিংয়ে দুই দলের তফাতটা স্পষ্ট হয়ে যাবে একটা পরিসংখ্যানেই। প্রথম তিন টেস্ট মিলিয়ে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনই অস্ট্রেলিয়ার, বেশি উইকেট পাওয়া পাঁচজনের একজন মাত্র ইংল্যান্ডের। হতাশার সুড়ঙ্গে ইংল্যান্ডের একমাত্র আশার আলো মেলবোর্নে দুই দলের সর্বশেষ দেখার স্মৃতি। ২০১০ সালে এ মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইল্যান্ড।
ইতিহাস বলছে, ২০০৬-০৭ মৌসুমের পর অস্ট্রেলিয়ার কাছে কখনো ৩-০-এর বেশি ব্যবধানে সিরিজ হারেনি ইংল্যান্ড। এই রেকর্ডটা ধরে রাখতে পারলে এবার অন্তত চূড়ান্ত লজ্জা থেকে বেঁচে যাবে কুকের দল। শুধু সমর্থক নন, কিংবদন্তি সাবেক ইংলিশ অলরাউন্ডার স্যার ইয়ান বোথামের চাওয়াও এখন শুধু এটুকুই, ‘আমাদের ছেলেদের উচিত এই টেস্টে সবকিছু দিয়ে খেলা। ওরা কী দিয়ে তৈরি, সেটা দেখানোর এটাই সময়। যদি পারে, আমি আত্মবিশাসী এবার হোয়াইটওয়াশ হবে না।’
বোথামের চাওয়াটা কি পূরণ করতে পারবেন কুকরা? এএফপি।