কুকময় ইডেনের দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্টে আজ ভারতের সাফল্য বলতে কেবল কম্পটনের উইকেটটি। এর বাইরে টেস্টের দ্বিতীয় দিনটি একেবারেই ইংল্যান্ডময়। আরও নির্দিষ্ট করে বললে দ্বিতীয় দিনটি কুকময়। ইংলিশ অধিনায়ক রেকর্ড গড়ে অপরাজিত আছেন ১৩৩ রানে। টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২১৬ রান। ৯ উইকেট হাতে রেখে ভারতের চেয়ে এখনো ১০০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক অপরাজিত আছেন ১৩৬ রানে। ২১ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন জোনাথন ট্রট।দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে অ্যালিস্টার কুক পরিণত হয়েছেন ভারতের মাটিতে কোনো সিরিজে সর্বোচ্চ রান করা ইংলিশ ব্যাটসম্যানে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন টেড ডেক্সচার। তিনি ৫০ বছর ধরে আগলে রেখেছিলেন এই অবিস্মরণীয় রেকর্ডটি। এর পাশাপাশি অধিনায়ক হিসেবে তিনি পাঁচটি টেস্ট সেঞ্চুরির দারুণ রেকর্ডও নিজের করে নিয়েছেন।ভারতের ৩১৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ইডেনের ফ্ল্যাট উইকেটে আধিপত্য বিস্তার করা শুরু করে ইংলিশ ব্যাটসম্যানরা। তবে কুক যখন ব্যক্তিগত ১৯ রানে, ঠিক তখনই চেতেশ্বর পূজারা স্লিপে তাঁর একটি ক্যাচ ছেড়ে দেন। কুকের এই ক্যাচ ছেড়ে দিয়ে এই সিরিজেরই সবচেয়ে বড় ভুল পূজারা করে বসলেন কিনা, কে জানে!অ্যালিস্টার কুকের সঙ্গী নিক কম্পটন খেলেছেন ৫৭ রানের দারুণ এক জুটি। প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ব্যাট হাতে তিনি কুকের যোগ্য সঙ্গী হয়েই ছিলেন।কাল প্রথম দিন ভারত যখন ব্যাট করছিল তখন ইডেনের উইকেটকে কিছুটা রহস্য ঘেরা মনে হলেও আজ কুক-কম্পটনের ব্যাটে সেই রহস্য রীতিমতো উবে গেছে। এটি এমন একটি উইকেট, যেখানে বোলারদের করার থাকে খুব সামান্য। কাল ইংলিশ বোলারদের কারিশমা ছিল নাকি ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল, সেই বিতর্কে না যেয়েও বলা চলে কলকাতা টেস্টের প্রথম দুই দিনের পারফরম্যান্সে ভারত ইংল্যান্ডের কাছে বিপুল ব্যবধানেই পরাজিত। এই টেস্টের আরও তিনটি দিন বাকী আছে, প্রথম দুই দিনের পারফরম্যান্স থেকে ভারত নিজেদের কতটুকু উত্তরণ ঘটাতে পারবে, তার ওপরই নির্ভর করছে এই ম্যাচের গতি প্রকৃতি।