কুকুরের নাম মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন তাঁর কুকুরের নাম রেখেছেন ‘মেসি’! সেই তিনিও কিনা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। দুইয়ে-দুইয়ে চার মেলাতে কারও কষ্ট হওয়ার কথা নয়, মেসির ওপর বিদ্বেষ থেকে করা হয়েছে এই কাণ্ড। কিন্তু না, ঘটনা ঠিক উল্টো। বরং মেসিকে ভালোবেসেই নিজের কুকুরের নাম ‘মেসি’ রেখেছেন এই মৌসুমে রিয়ালে নাম লেখানো স্পেনের উঠতি প্রতিভা ইসকো। আমাদের সংস্কৃতিতে হয়তো কারও নামে কুকুরের নাম রাখাটা অশোভন। কিন্তু পশ্চিমা বিশ্বে তেমনটি নয়। কুকুর সেখানে ভালোবাসার অন্যতম প্রতীক। আর তাই নিজের অন্যতম প্রিয় ফুটবলারটির নামে নিজের ভালোবাসার কুকুরটির নাম মেসি রেখেছেন ইসকো। এক ব্যাখ্যায় ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘আমি আমার কুকুরের নাম মেসি রেখেছি, কারণ মেসি যেমন বিশ্বসেরা, আমার কুকুরও তা-ই।’শুধু মেসি নয়, ইসকো বার্সেলোনারই বড় ভক্ত। এ কারণে রিয়ালে ঝামেলায় পড়তে পারেন। ভ্যালেন্সিয়াতে খেলার সময় নিজেকে মাদ্রিদিস্তা-বিরোধী বলে ঘোষণা দিয়েছিলেন এক সাক্ষাত্কারে। মাদ্রিদের ‘উদ্ধত’ আচরণ তাঁর ভালো লাগে না। টুইটারেও এক সময় রিয়ালের তখনকার কোচ হোসে মরিনহোর সমালোচনা করেছিলেন। জাভি, ইনিয়েস্তা এবং বার্সার সাবেক খেলোয়াড় রোনালদিনহোকে নিজের ‘আদর্শ’ ঘোষণা করা ইসকো পাঁচ বছরের চুক্তিতে মালাগা থেকে রিয়ালে গেছেন।