কুকের আফসোস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টেও জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। গতকাল তৃতীয় দিনে ৭১০ রান করে ইনিংস ঘোষণা করার পর ইংল্যান্ড এখন এগিয়ে আছে ৪৫১ রানে। কিন্তু তার পরও অনেক আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এই ইংলিশ ওপেনারকে। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি তিনি পূর্ণ করতে পারেননি আর মাত্র ছয়টি রানের জন্য। ২৯৪ রানের মাথায় ইশান্ত শর্মার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।টানা দুই দিন ধরে প্রায় ১৩ ঘণ্টা ব্যাট করে ২৯৪ রান করলেন। আর মাত্র ছয়টি রান করতে পারলেই অন্যরকম এক ইতিহাস গড়তে পারতেন। ইতিহাস গড়া থেকে হাত-ছোঁয়ার দূরত্বে দাঁড়িয়েও তা করতে পারলেন না। হতাশা তাঁকে পেয়ে বসারই কথা। কুক নিজেও তা লুকোনোর চেষ্টা করেননি। গতকাল এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে তিনি বলেছেন, ‘২৯০ এরও বেশি রান করার পর ট্রিপল সেঞ্চুরি না পাওয়াটা খুবই অস্বাভাবিক। মনে হয়, শুধু ক্রিকেটেই এমনটা হতে পারে। প্রায় ১৩ ঘণ্টার কঠোর পরিশ্রমের পর আমি ৩০০ রানের কাছাকাছি যেতে পেরেছিলাম। এত কাছাকাছি গিয়েও ট্রিপল সেঞ্চুরিটা না পাওয়ায় আমি কিছুটা হতাশ হয়েছি। তবে তার পরও এ রকম একটা ইনিংস খেলতে পেরে খুব ভালো লাগছে।’ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্রও কুকের অনবদ্য ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। বলেছেন, ‘কুক খুবই ধৈর্য নিয়ে খেলেছে। আমরা ভালোই বল করছিলাম। কিন্তু সে খুবই দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে গেছে।’ রয়টার্স।