রোজ বোলে বৃষ্টির খেলাটা চলছেই। বৃষ্টির কারণে প্রথম দিন ৩৪ ওভার, দ্বিতীয় দিন ২৩.২ ওভার। তুলনায় কাল খেলা একটু বেশিই হলো বটে; ৫১ ওভার। কিন্তু বৃষ্টিতে খেলা কতবার যে বন্ধ হলো আর মাঠে গড়াল! বৃষ্টির এই লুকোচুরি খেলার মধ্যেই অবশ্য টেস্টের নিয়ন্ত্রণ হাতে পুরে নিয়েছে ইংল্যান্ড।শ্রীলঙ্কাকে ১৮৪ রানে গুঁড়িয়ে দিয়ে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫। ১১ রানের লিডের সঙ্গে হাতে রয়েছে ৬টি উইকেট।৯ উইকেটে ১৭৭ রান নিয়ে শুরু করে বৃষ্টিস্নাত সকালে ১৮ বলেই শ্রীলঙ্কার ইনিংস শেষ। স্টুয়ার্ট ব্রডের শিকার ভেলেগেদারা।ইংল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারেই অ্যান্ড্রু স্ট্রাউসকে ফেরান ভেলেগেদারা। এ নিয়ে তিন টেস্টেই ইংল্যান্ড অধিনায়ক ভেলেগেদারার শিকার। একটু পর জোনাথন ট্রটও আউট। ইংল্যান্ড ২ উইকেট ১৪। এরপর বৃষ্টির লুকোচুরির মধ্যেই ইংল্যান্ডের সংগ্রহটা বাড়িয়ে নেন অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন জুটি। কুককে দিয়ে ১০৬ রানের এই জুটি খসিয়েছেন দিলহারা ফার্নান্দো। এর আগেই প্রায় ৫০ বছরের পুরোনো এক ইংলিশ রেকর্ড ছুঁয়েছেন ৫৫ রান করা কুক। এই নিয়ে টেস্টের টানা ছয় ইনিংসে ৫০-ঊর্ধ্ব ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের এই কীর্তি আর আছে কেন ব্যারিংটন (১৯৬২-৬৩ মৌসুমে), প্যাটসি হেনড্রেন এবং টেড ডেক্সটারের।বিশ্বরেকর্ডটা অবশ্য টানা সাত ইনিংসে হাফ সেঞ্চুরির—ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস, শিবনারায়ন চন্দরপল এবং ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের। দিনের অন্তিম সময়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকা পিটারসেনকে (৮৫) ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছেন টিসারা পেরেরা। উইকেটে ইয়ান বেলের (৩৯*) সঙ্গী অ্যান্ডারসন (০*)। ওয়েবসাইট।