কুকের জবাব ও গুলের ব্যাখ্যা
বল টেম্পারিং নিয়ে উমর গুল যে অভিযোগ করেছেন, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে নাকি বল টেম্পার করতে দেখেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার। পরশু পাকপ্যাশন ওয়েবসাইটকে এই কথা বললেও কাল ওই ওয়েবসাইটকেই গুল বলেছেন তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি নাকি বলতে চেয়েছিলেন যেকোনো বোলারই এই অভিযোগে অভিযুক্ত হতে পারে।কাল ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে হিথ্রো বিমানবন্দরে গুলের অভিযোগের ব্যাপারে কথা বলেন কুক। গুলের অভিযোগকে উড়িয়ে দিয়ে ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই বল টেম্পারিং করিনি। আর তাঁর (গুল) যদি কোনো অভিযোগ থাকত তা নিয়ে সে আইসিসির কাছে যেতে পারত। আমার মনে হয়, তাঁর নিজের কাছেই এটাকে এখন তিলকে তাল করার মতো ঘটনা বলে মনে হচ্ছে।’নিজের অবস্থান ব্যাখ্যা করে উমর গুল বলেছেন, ‘বল টেম্পারিং নিয়ে শোয়েব আখতারের করা সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে আমার মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন বলেছিলাম বল টেম্পারিং শব্দটার অপব্যবহার করা হচ্ছে। আমি ব্যাখ্যা করেছিলাম মাঠের এবড়োখেবড়ো জায়গায় পড়ে কিংবা বিল বোর্ডগুলোয় ধাক্কা লেগেও বলে আঁচড় লাগতে পারে। আর এই জন্যই আমি বলেছিলাম, সব বোলারই এ ক্ষেত্রে অভিযুক্ত হতে পারে।’কোন প্রসঙ্গে ব্রড ও অ্যান্ডারসনের নাম বলেছিলেন ব্যাখ্যা দিয়েছেন সেটারও, ‘আমি বলেছিলাম, শুধু বলকে বিকৃত করেই রিভার্স সুইং করা যায় না। এটা একটা আর্ট। আর ওই প্রসঙ্গেই ওই নামগুলো বলেছিলাম। কোনো অবস্থাতেই কারও বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলিনি।’ ওয়েবসাইট।