কুকের দৃষ্টি শুধুই সামনের দিকে
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটি টেস্টই বড় ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর দুর্দান্ত এই তিনটি জয় দিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পৌঁছে গেছে তারা। গতকাল শেষ হওয়া এজবাস্টন টেস্টের নায়ক অ্যালিস্টার কুকের লক্ষ্য এখন শুধুই সামনের দিকে। ভবিষ্যতে ইংল্যান্ডের জন্য বিশেষ সময় অপেক্ষা করছে বলেই মনে করছেন এই বাঁহাতি ইংলিশ ওপেনার।ক্যারিয়ারসেরা ২৯৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন কুক। ম্যাচসেরার পুরস্কারটাও অবধারিতভাবে উঠেছে তাঁরই হাতে। গতকাল ম্যাচশেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয়, সামনে আমাদের জন্য খুবই বিশেষ কিছু অপেক্ষা করছে। ইংল্যান্ডের বর্তমান এই দলের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আমার ধারণা, আমরা সবাই এটা টের পাচ্ছি। কিন্তু আমরা আমাদের যাত্রাটা কেবলই শুরু করলাম। এটা শেষ হয়ে যায়নি। আমরা আজ আমাদের সাফল্যটা উদ্যাপন করব। কিন্তু তারপর কয়েক দিনের মধ্যেই আবার আমাদের খেলার দিকে মনোযোগী হতে হবে।’ব্রিটিশ মিডিয়ার পাশাপাশি স্ট্রাউসদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। তিনি বলেছেন, ‘ক্রিকেট দলের দারুণ সাফল্যের জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। শেষ টেস্টে ইংল্যান্ডের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান, অ্যালিস্টার কুকের ২৯৪ রানের অসাধারণ ইনিংস, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল, সবমিলিয়ে অনেকগুলো সাফল্য তারা অর্জন করেছে। পুরো জাতিই তাদের জন্য গর্বিত।’ রয়টার্স।