কোত্থেকে কী হয়ে গেল, কিছুই যেন বুঝতে পারছিলেন না। চোখমুখে হতাশা ও বিস্ময়ের যুগল অভিব্যক্তি। অদ্ভুতভাবে রান আউট হলেন অ্যালিস্টার কুক। টেস্ট ক্যারিয়ারে প্রথম রান আউট, সেটাও কিনা ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে! পরশু একগাদা রেকর্ডের পর কালও একটা রেকর্ড সঙ্গী হলো কুকের। যে রেকর্ড আনন্দের নয়। ১৯০-এর ঘরে এই প্রথম রান আউটের শিকার কোনো ইংলিশ। দীর্ঘ টেস্ট ইতিহাসে যে ঘটনা এর আগে ঘটেছেই মাত্র তিনবার!কুকের ব্যক্তিগত এই আক্ষেপ ছাড়া কলকাতা টেস্টের তৃতীয় দিনটাও কিন্তু দারুণই কাটাল ইংল্যান্ড। ১১৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে মাঝখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতীয় বোলাররা। ৩ উইকেট নিয়ে তাতে নেতৃত্ব দিয়েছেন প্রজ্ঞান ওঝা। কিন্তু ভারতের সর্বনাশ সম্ভবত এর আগেই হয়ে গেছে। ইংল্যান্ডের লিড ১৯৩ রানের। হাতে এখনো চার উইকেট। লিডের আকার আরও বড় হওয়ার ইঙ্গিতই দিচ্ছে প্রায়র-সোয়ানের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি। একেকটা উইকেটের জন্য বোলারদের হন্যে হয়ে মাথা কুটে মরার দৃশ্য কাল আরও ৪৬ ওভার দেখেছে। জোনাথন ট্রটকে ধোনির ক্যাচ বানিয়ে ওঝাই এনে দিলেন বহু কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’। ভাঙল ১৭৩ রান তোলা দ্বিতীয় উইকেট জুটি। প্রথম ও দ্বিতীয় উইকেটে ১৫০ রানের বেশি রানের জুটি এ নিয়ে মাত্র চতুর্থবার হলো ইংল্যান্ডের, যার তিনটিই ভারতের বিপক্ষে। ভারতে এটা ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সেরা জুটিও। আগের দিন ১৭ রানে ক্যাচ দিয়েছিলেন। কাল ১৫৬ রানে আরেকটি সহজ সুযোগ দেন কুক। এর চেয়ে সহজ ফিরতি ক্যাচ কোনো বোলার প্রত্যাশা করতে পারেন না। কিন্তু ক্যাচটা নিতে পারেননি ইশান্ত শর্মা। এবার অবশ্য ভারতকে প্রথম ক্যাচ ফেলার মতো মাশুল দিতে হয়নি। দুবার ভাগ্যক্রমে বেঁচে যাওয়া কুক ভাগ্যের খাঁড়ায় পড়েই হলেন রান আউট। এর সঙ্গে যোগ হলো ইয়ান বেলের আরেটি ব্যর্থতা, ফিফটির পরপরই পিটারসেনের বিদায় এবং সেট হয়েও সামিত প্যাটেলের পুঁজি বাড়াতে না পারা। ১ উইকেটে ৩৩৮ থেকে ইংল্যান্ড হয়ে গেল ৬ উইকেটে ৪৫৩। ম্যাট প্রায়র ও গ্রায়েম সোয়ান মিলে অবশ্য ৫০০ পার করিয়েছেন। ৫০৯ কলকাতায় ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরও।ভারতের সামনে বিপদই হয়তো অপেক্ষা করছে! ওয়েবসাইট।