কুকের যেখানে আক্ষেপ
কলাম লেখক মাহেলা জয়াবর্ধনের কাছ থেকে যথেষ্ট সহানুভূতি পেয়েছিলেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রার শুরুতেই শুনতে হচ্ছে হাজারো সমালোচনা। দ্বিতীয় ওয়ানডের আগের দিন ক্রিকইনফোর কলামে সাবেক লঙ্কান অধিনায়ক সহানুভূতি জানিয়েছিলেন নতুন ইংলিশ অধিনায়কের প্রতি। কিন্তু ব্যাটসম্যান জয়াবর্ধনের সহানুভূতি একটুও পেলেন না কুক। জয়াবর্ধনের ক্যারিয়ার-সেরা ইনিংসটাতেই (১৪৪) তো পিষ্ট হলো ইংল্যান্ড। পরশু ৬৯ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।ম্যাচ শেষে একজন জয়াবর্ধনের জন্য আক্ষেপ করলেন কুক, ‘৩০৯ রান তাড়া করে জয় পাওয়া অসম্ভব ছিল না, তবে কোনো একজনকে খেলতে হতো স্পেশাল একটা ইনিংস। আমাদের শীর্ষ ছয় ব্যাটসম্যানই উইকেটে থিতু হয়েছিল, কিন্তু কেউ মাহেলার মতো খেলে আমাদের রানকে শ্রীলঙ্কার কাছাকাছি নিতে পারেনি।’‘নায়ক’ নিজে কিন্তু কৃতিত্ব নিতে চাইলেন না। দলের জয়েই বরং বেশি তৃপ্ত জয়াবর্ধনে, ‘সিরিজের দৃষ্টিকোণ থেকে জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচে ১১০ রানে হারার পর আজ (পরশু) ছেলেরা দারুণ জবাব দিয়েছে। ৩১০ রান বলতে গেলে ছিল বোনাস, আমাদের ধারণা ছিল ২৭০ রানই ভালো স্কোর। কুমার (সাঙ্গাকারা) ও আমি থিতু হয়ে যাওয়ায় রানরেট বাড়াতে পেরেছি।’ সাঙ্গাকারা-জয়াবর্ধনের ১৫৯ রানের জুটি ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের রেকর্ড।বয়স পেরিয়েছে ৩৪, কিন্তু জয়াবর্ধনেকে আরও অনেক দিন এই রূপে দেখতে চায় শ্রীলঙ্কা। অধিনায়ক তিলকরত্নে দিলশান জানালেন সেই পরিকল্পনা, ‘অন্তত আরও তিন-চার বছর মাহেলাকে চাই আমরা। ওকে তাই মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।’পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি আজ, লর্ডসে। ওয়েবসাইট।