কুকের সব পাওয়ার সিরিজ
বেশ নাটকই হয়ে গেল পুরস্কার বিতরণী মঞ্চে। মাইক্রোফোন হাতে মাইক আথারটনকে দেখেই অনুমান করা গিয়েছিল, জমবে ভালো। হলোও তা-ই। মুখে হাসি নিয়ে আথারটনের জিজ্ঞাসা, ‘সমালোচকদের ভুল প্রমাণ করাটা নিশ্চয়ই তৃপ্তিদায়ক? আমি নিজেও ছিলাম বড় সমালোচকদের একজন!’ অপ্রস্তুত হাসিতে অ্যালিস্টার কুকের উত্তর, ‘নাহ্...কাউকে ভুল প্রমাণ করার জন্য খেলি না।’কুক বললেন বটে, তবে সেটি আসলে একজন পেশাদার ক্রিকেটারের আনুষ্ঠানিক বক্তব্য। নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামার আগেই চারদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনার তীর। তখনো মুখে কিছু বলেননি, এখনো বলছেন না। সংশয়বাদীদের ঘায়েল করেছেন সবচেয়ে বড় অস্ত্রেই—পারফরম্যান্স। সর্বোচ্চ রান করে সিরিজ-সেরা, ৯৬.৭৫ স্ট্রাইক রেট, দলকে সিরিজ জেতানো। যেটুকু বাকি ছিল, সেটাও দেখালেন শেষ ম্যাচে। কুক দেখালেন, প্রয়োজনের সময় তিনি অধিনায়ক হিসেবে যথেষ্ট কৌশলী এবং শক্ত স্নায়ুর। প্রথম সিরিজেই সব পেয়ে যাবেন, এতটা নিশ্চয়ই কুক নিজেও ভাবেননি! ইংল্যান্ড অধিনায়ককে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে পিছিয়ে থেকেও দলের ঘুরে দাঁড়ানো, ‘সবাই আমাদের সম্ভাবনা শেষ ধরে নিয়েছিল। কিন্তু স্পিনিং ও নিষ্প্রাণ উইকেটেও শেষ দুই ম্যাচ আমরা দারুণ খেলেছি। ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামলে অনেকের অনেক কথাই শুনতে হবে। তবে আমি কাউকে ভুল প্রমাণ করার জন্য খেলি না। খেলি তৃপ্তির জন্য, আজ (পরশু) ম্যাচের শেষ আধঘণ্টায় যেমন পেলাম। এটার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। সবচেয়ে তৃপ্তিদায়ক হলো ২-১-এ পিছিয়ে থাকার পরও যেভাবে সিরিজ জিতলাম।’পরশু পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে একপর্যায়ে ৪২ বলে ৫৬ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার, হাতে ৫ উইকেট। স্লগ ওভারে অ্যান্ডারসন-ডার্নব্যাচের বোলিংয়ে ১৬ রানে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বশেষ সফরে ৫-০-তে জয়ী শ্রীলঙ্কা এবার হারল ২-৩-এ। হতাশার মাঝেও দিলশান প্রাপ্তি খুঁজছেন চান্দিমাল-লাকমলের মতো তরুণদের পারফরম্যান্সে, ‘এক ঘণ্টার বাজে ব্যাটিংয়ে আমরা টেস্ট সিরিজ হেরেছি, তিনটি ওয়ানডে হেরে গেছি প্রথম ৫-৬ ওভারেই। তবে তরুণেরা দারুণ খেলেছে, আমরা সামনের দিকে আশা নিয়ে তাকাতে পারি।’ ওয়েবসাইট।