কুকের হাতে তিন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

তাঁর অধিনায়কত্বের সমালোচনা করায় অ্যালিস্টার কুক পাল্টা তোপ দেগেছিলেন শেন ওয়ার্নকে।এখন কী করবেন ইংলিশ অধিনায়ক? সমালোচনার তির ছুটে আসছে যে ১০ দিক থেকে! পাল্টা তির ছোড়া বহুদূর, কুক নিজেই এখন দিশাহারা। লর্ডসে হারের পর স্বীকার করেছেন, সুতোয় ঝুলছে তাঁর অধিনায়কত্ব। আর তিনটি টেস্ট...নেতৃত্ব ধরে রাখার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ভারত সিরিজের শেষ তিন টেস্টকে।
কুকের নেতৃত্বের সমালোচনা এখন দেশের ভেতরে-বাইরে সব জায়গায়। টানা ১০ টেস্টে জয় নেই ইংল্যান্ডের, হেরেছে ৭টিই। ভারত সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে, আগের সিরিজে হার শ্রীলঙ্কার কাছে। কুকের জন্য পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে তাঁর ব্যাটিং ফর্ম। রান-প্রসবা ব্যাটে এখন ক্যারিয়ারের সবচেয়ে বাজে ব্যাটিং-খরা। শেষ ২৭ ইনিংসে নেই টেস্ট সেঞ্চুরি। এ বছর গড় মোটে ১৪.৩৩!
জয়ের হারে ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক স্টিভ ওয়াহর পরামর্শ কুককে, ‘আমার পর রিকি পন্টিং যখন অধিনায়কত্ব পেল, ওর প্রতি আমার একটা পরামর্শই ছিল—‘‘নিজের ফর্ম ধরে রাখো, তাহলে অধিনায়কত্বও অনেক সহজ হয়ে যায়।’’ আমার ধারণা, নিজের মনের গভীরে সে (কুক) ভালো করেই জানে যে, অধিনায়কত্ব ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। আমি বিশ্বাস করি, ব্যাটসম্যান কুককে ইংল্যান্ডের প্রয়োজন।’
ওয়াহ যাঁর হাতে দায়িত্ব ছেড়েছিলেন, সেই পন্টিংয়ের ধারণা, ভালোর শেষ সীমা ছুঁয়ে ফেলেছেন কুক, ‘হয়তো সে চেষ্টা করবে রানে ফেরার। একটা পর্যায় পর্যন্ত চেষ্টা করে যাবে নেতৃত্ব আঁকড়ে রাখার। কোনো সংশয় নেই যে ওর বাজে ফর্ম দলের পারফরম্যান্স প্রভাবিত করছে, দলের ফর্মও প্রভাব ফেলছে ওর ব্যাটিংয়ে। আমার মনে হয় না ক্রিকেটার হিসেবে এর চেয়ে ভালো আর সে হতে পারবে।’
সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন সরাসরিই বলে দিচ্ছেন, ‘ওর উচিত নিজের কাছে প্রশ্ন করা, ‘‘ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আসলেই কি আমি কোনো পার্থক্য গড়ে দিতে পারছি?’’ পরিসংখ্যান বলবে, না। সে কোনো পার্থক্য গড়তে পারছে না। এই মুহূর্তে হঠাৎ করেই যদি মাইকেল ক্লার্ক আর অস্ট্রেলিয়ান অধিনায়ক না থাকে, তবে ওরা ওর নেতৃত্ব নিশ্চিতভাবেই মিস করবে। কিন্তু অ্যালিস্টার যদি পরের টেস্টে অধিনায়ক না থাকে, ইংল্যান্ড কি ওর নেতৃত্ব মিস করবে? মোটেও না।’
তবে শেষ দেখার আগে হার মানতে চান না কুক, ‘আমার বিশ্বাস, দল চায় আমি নেতৃত্ব দিয়ে এই কঠিন সময়টা পার করিয়ে দিই। অবশ্য যদি এমন হয় যে সিরিজ শেষেও আমি রানে ফিরতে পারলাম না, তাহলে অবশ্যই আমার অধিনায়কত্ব নড়বড়ে হয়ে পড়বে। তবে সিরিজের মাঝপথে পদত্যাগ করাও হবে ভুল। ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়ার দিনটিতে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, নিজের সবটা উজাড় করে দেব। এখনই তাই পদত্যাগ করছি না।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।