প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ‘মওকা’ পেয়ে গেছেন অ্যালিস্টার কুক। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে তো বটেই, কুককে ছুড়ে ফেলা হয়েছিল ইংল্যান্ড দল থেকেই। তাতে কোনো লাভ হয়নি, ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। সুযোগ বুঝে কুক এখন মুখ খুললেন, ‘নির্বাচকেরা মনে করেছিলেন ইংলিশ ক্রিকেটের ভালোর জন্যই সিদ্ধান্তটি নিয়েছেন। তাঁরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেটি এখন বলাই যায়। বিশ্বকাপের আগে এত বড় সিদ্ধান্ত নেওয়ার বিপদটা এখন সবাই দেখছে। আমি জানি না কী হয়েছে, কিন্তু প্রথম দুই ম্যাচ থেকেই খেলোয়াড়দের বিধ্বস্ত মনে হচ্ছিল।’ কুক আশাবাদী, অধিনায়কত্ব ফিরে পাবেন। কিন্তু তার আগে যে দলে ফিরতে হবে তাঁকে! বিবিসি।