কুপার আছেন, ডেসকাট নেই!


২১ মার্চ সিলেটে যখন ঝড় তুলছেন টম কুপার, তাঁর তখন থাকার কথা ছিল ক্যানবেরায়। শেফিল্ড শিল্ডের ফাইনাল শুরু হয়েছে সেদিন। ফাইনালে এক পা দিয়েই রেখেছিল সাউথ অস্ট্রেলিয়া, আর সেই দলের ব্যাটিং মেরুদণ্ডের নাম কুপার। কিন্তু নাটকীয়ভাবে সাউথ অস্ট্রেলিয়াকে টপকে ফাইনালে উঠল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, কুপার এলেন বাংলাদেশে।
শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলবেন বলেই কুপারকে দলে রাখেনি হল্যান্ড। কিন্তু সুযোগটা এসে যাওয়াতেই ‘ইনজুরি আক্রান্ত’ টম গ্রুইটার্সের বদলে কুপারকে দলে নেওয়া। আর তা নিয়ে হলো কত কিছু! কেন ডাচরা এত মরিয়া ছিল কুপারকে নিতে, সেটি এখন প্রমাণিত। প্রথম ম্যাচে ২৬ বলে অপরাজিত ৩৪, পরের ম্যাচে ৫৮ বলে অপরাজিত ৭২, আর আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক রান তাড়ায় ১৫ বলে ৪৫। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এখন তাঁরই (১৫১)। একবার মাত্র আউট হওয়ায় গড়ও ১৫১, স্ট্রাইক রেট ১৫২.৫২!
না, শুধু ছোটদের ওপরই ছড়ি ঘোরান না কুপার। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট বলে বিবেচিত শেফিল্ড শিল্ডে এবার দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁরই, ৫১.৮২ গড়ে ৮৮১। ব্রেট লির শহর উলুনগংয়ে জন্ম। এখনো অস্ট্রেলিয়ার হয়েই খেলার স্বপ্ন দেখেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলে খেলেছেনও। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতেই বছর চারেক খেলছেন মায়ের দেশ হল্যান্ডের হয়ে।
কুপারকে দলে ঢোকানো নিয়ে যা হলো, তাতে অস্বস্তি ছড়িয়ে পড়ার কথা গোটা দলেই। সেই অস্বস্তি ক্রিকেট দিয়েই দূরে ঠেলে আলোচনায় ডাচরা। অধিনায়ক পিটার বোরেন জানালেন সেটার পেছনের কারণ, ‘আমরা ঠিক করেছিলাম মাঠের বাইরের কোনো কিছুতেই মন দেব না। শুধু মাঠের ক্রিকেট উপভোগ করব। বাইরের ঘটনাপ্রবাহ তাই আমাদের মনোযোগ নাড়িয়ে দিতে পারেনি। টম নিজেও দারুণ পেশাদার, জানে এসব পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয় এবং সতীর্থদের ফুরফুরে রাখতে হয়।’
এই ছোট দলের সবচেয়ে বড় তারকা এখন কুপারই। তবে অনেকটা সময়জুড়ে কুপার পড়ে ছিলেন আরেকজনের আড়ালে। বিশ্ব আসরের হল্যান্ড মানেই তো ছিল রায়ান টেন ডেসকাট! ৩৩ ওয়ানডেতে ৫ সেঞ্চুরি, কমপক্ষে ২০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে এখনো ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটিং গড় তাঁরই (৬৭.০০)। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১১০ বলে ১১৯ রানের অসাধারণ এক ইনিংস। তবে ওই বিশ্বকাপের পর থেকেই আর কমলা জার্সিতে খেলেননি ডেসকাট। অথচ দাপটে খেলে বেড়াচ্ছেন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডে! রহস্যময় কারণ। আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেই জয়ের পর টুইটারে অভিনন্দন জানিয়ে ডেসকাট লিখেছিলেন, ‘আমি কেন ডাচদের হয়ে খেলছি না, সেটা ব্যাখ্যা করার জন্য ১৪০ শব্দ (টুইটারের বেঁধে দেওয়া) যথেষ্ট নয়।’
দলের সঙ্গে সম্পর্কটা যে স্বাভাবিক নয়, সেটা কালও বোঝা গেল ডেসকাট প্রসঙ্গে বোরেনের বিরক্তিতে, ‘প্রশ্নটা রায়ানকেই জিজ্ঞেস করতে হবে, কিংবা সে হয়তো এসব পাত্তাও দেয় না। ও থাকলে দারুণ হতো। কিন্তু অনেক দিন ধরেই তো খেলছে না। ওকে ছাড়া খেলতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি।’