কুবালাকে ছাড়িয়ে মেসি
গোল হলে দুই তর্জনী উঁচিয়ে তাকান আকাশের দিকে। এভাবেই প্রতিটি গোল লিওনেল মেসি উৎসর্গ করেন নানিকে। আর নানিও হয়তো স্বর্গ থেকে আশীর্বাদ জানান। তবে পরশু শুধু তাঁর নানি নন, মেসিকে হয়তো স্বর্গ থেকে আশীর্বাদ করেছেন লাজলো কুবালাও। বার্সেলোনার এই হাঙ্গেরিয়ান কিংবদন্তিরই রেকর্ড টপকে পরশু এককভাবে হয়ে গেলেন বার্সার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মেসির সামনে এখন শুধুই সিজার রদ্রিগেজ (২৩৫ গোল)।চ্যাম্পিয়নস লিগে বাতে বরিসভের বিপক্ষে জোড়া গোল করে মেসি ছুঁয়েছিলেন কুবালার ১৯৪ গোলের রেকর্ড। পরশু স্প্যানিশ লিগে একাদশ মিনিটেই কুবালাকে ছাড়িয়ে যাওয়া গোলটি করেন। ৬৮ মিনিটে করেন লিগে তাঁর দশম গোল। সব মিলিয়ে মৌসুমে ১২ ম্যাচে ১৬ গোল হয়ে গেল তাঁর। মেসির জোড়া গোলের সঙ্গে ২৭ মিনিটে জাভির গোল মিলে রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। ধরে রাখল লিগের শীর্ষস্থান।ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করার পর অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিই এখন শীর্ষস্থানে। ফর্মে থাকা সার্জিও আগুয়েরোর ইনজুরিজনিত অনুপস্থিতি বুঝতেই দেয়নি বালোতেল্লি, জনসন, কোম্পানি আর মিলনারের চার গোল। ৮ ম্যাচে ২২ পয়েন্ট সিটির, ম্যানইউর ২০। এভারটনকে ৩-১ গোলে হারিয়ে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান চেলসির। কাল আর্সেনাল ২-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়ে উঠে এসেছে দশে।জার্মানির বুন্দেসলিগায় নবম ম্যাচে সপ্তম জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, পরশু নিজেদের মাঠে হার্থা বার্লিনকে গুঁড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। ফর্মের তুঙ্গে থাকা জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ করেছেন জোড়া গোল। লিগের ৮ ম্যাচে ১০টি গোল হয়ে গেল তাঁর। ৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ২২। ওদিকে ইতালিয়ান লিগে আবারও সেই পরাজয়ের বৃত্তে ইন্টার মিলান। নতুন কোচ ক্লদিও রানিয়েরি আসার পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েই আবার ভূপাতিত ইন্টার। পরশু ২-১ গোলে হেরে গেল কাতানিয়ার কাছে। অথচ ম্যাচের ৬ মিনিটেই লিড এনে দিয়েছিলেন ক্যাম্বিয়াসো। ৪৭ মিনিটে গোলটি শোধ করে দেন সার্জিও আলমিরন। কাতানিয়া জেতে ৫১ মিনিটে লোদির পেনাল্টি গোলে। আগের ম্যাচে নাপোলির কাছে নিজেদের মাঠে ৩-০ হারের পর এই ধাক্কা। লিগে ৬ ম্যাচের ৪টিতেই হেরে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে পড়ে আছে ইন্টার।গত ম্যাচে জুভেন্টাসের কাছে হেরে ১৫ নম্বরে নেমে গিয়েছিল এসি মিলান। কিন্তু পরশু পালের্মোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১১ নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির কাছাকাছি সময়ে লিড এনে দেন আন্তোনিও নসেরিনো। ৫৫ মিনিটে রবিনহো আর ৬৪ মিনিটে গোল করেন আন্তোনিও কাসানো। এএফপি, রয়টার্স।