কুমিল্লা ফুটবল লীগে উপচে পড়া দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ফুটবল যেন আবার প্রাণ ফিরে পেল। কুমিল্লা স্টেডিয়ামে কাল এ কে এম আবু তাহের স্মৃতি প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনালে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে আবাহনীকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে লিগ জিতেছে প্রান্তিক ক্রীড়া চক্র। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এ নিয়ে টানা তিনবার ফাইনালে টাইব্রেকারে হারল আবাহনী।দর্শকদের ব্যাপক উপস্থিতি কুমিল্লার কৃতী সন্তান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়কে ফিরিয়ে নিয়ে গেছে অতীতে, ‘একসময় জাতীয় দলে কুমিল্লার ৪-৫ জন খেলোয়াড় থাকত। এখন তাতে ভাটা পড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে স্কুল ও ডিসি কাপ ফুটবলের আয়োজন করতে হবে। মাঠে এত দর্শকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লার মানুষ ফুটবল ভালোবাসে।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল দাবি তুললেন, ‘এবার বেকো গ্রুপের স্পনসরে লিগ হয়েছে। কুমিল্লার খেলাধুলায় প্রাণ ফেরাতে আরও পৃষ্ঠপোষকতা দরকার।’স্পনসর বেকো গ্রুপের চেয়ারম্যান ও কুমিল্লা-৭ (বরুড়া) আসনের সাবেক সাংসদ জাকারিয়া তাহের ফুটবলের জন্য ভবিষ্যতে আরও বাড়তি বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।