কুম্বলেতে উজ্জীবিত ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের প্রথম তিনটি মৌসুম দিল্লি ডেয়ারডেভিলের হয়ে খেলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এবার তিনি খেলছেন ধনকুবের বিজয় মালিয়ার ফ্র্যাঞ্চাইজ বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে। আর এই দলে যোগ দিয়েই অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই কিউই।অধিনায়ক হয়ে অবশ্য নিজেকে ভাগ্যবানই মনে করছেন ভেট্টোরি। এটিকে কেবল একটি সম্মান হিসেবেই তিনি দেখছেন না, দেখছেন অর্জনের উপলক্ষ হিসেবেও। ভেট্টোরির এমন চিন্তার মূল কারণ অনিশ কুম্বলে।ভারতের সাবেক অধিনায়ক ও চ্যাম্পিয়ন লেগ স্পিনার অনিল কুম্বলে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কিছুদিন হলো। গত বছরও তিনি আইপিএলে বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের অধিনায়ক ছিলেন। এবার সব ছেড়ে দিয়ে তিনি এই ফ্র্যাঞ্চাইজের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। রয়েল চ্যালেঞ্জার্সের দলগঠনেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।এই অনিল কুম্বলের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবেন বলে নিজেকে ভাগ্যবানই মনে করছেন ভেট্টোরি। ভারতের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘সত্যিই কুম্বলের উপস্থিতি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘কুম্বলে একজন গ্রেট ক্রিকেটার। তিনি তাঁর অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দেবেন বলেই আমার বিশ্বাস। আর সত্যি বলতে কি, আমি নিজেও অনেক কিছু শিখতে পারব, তাঁর কাছ থেকে।’বিপুল বিনিয়োগের বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্স আইপিএলের প্রথম আসরে যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণে যথেষ্ট সমালোচিত ছিল। কিন্তু পরের বার ২০০৯ সালে এই ফ্র্যাঞ্চাইজ রানার্সআপ হওয়ার গৌরব ছিনিয়ে নেয়। গতবার তাদের অবস্থান ছিল তৃতীয়। এবারের দল ফ্র্যাঞ্চাইজটিকে শিরোপার স্বপ্নই দেখাচ্ছে। দলটিতে রয়েছেন তিলকরত্নে দিলশান, এবি ডি ভিলিয়ার্স, ন্যানেসের মতো তারকারা।ভেট্টোরি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরই নিয়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। কেবল টেস্ট খেলা আর নির্ভার হয়ে আইপিএল খেলাতেই তিনি খুঁজে নিতে চাচ্ছেন ক্রিকেট জীবনের আনন্দ। ওয়েবসাইট।