কুম্বলের কথা মনে পড়েছিল অশ্বিনের
‘অশ্বিন কি পারবেন? পারবেন দশে দশ করতে?’ চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতীয় এই অফ স্পিনার অস্ট্রেলিয়ার প্রথম ৬টি উইকেট তুলে নিতেই সবার মনে ঘুরেফিরে আসছিল এই প্রশ্নগুলো। টেস্ট ক্রিকেট কোনো বোলারের ১০ উইকেটের সবগুলো পাওয়ার দুর্লভ উদাহরণ আবারও দেখতে পাবে কি না, দেখার ছিল সেটাই। অনেকেই স্মৃতির ভেলায় ফিরে গিয়েছিলেন সেই ১৯৯৮ সালে। যেবার দিল্লিতে পাকিস্তানের ১০টি উইকেট তুলে নিয়েই জিম লেকারের কীর্তি ছুঁয়েছিলেন ভারতের অনিল কুম্বলে।সবার মনেই যখন সেই কীর্তির পুনরাবৃত্তির আশা, সেই সময়টায় রবিচন্দ্রন অশ্বিন কী ভাবছিলেন? চেন্নাইয়ের ঘরের ছেলে স্বীকার করেছেন তাঁর মাথায়ও ছিল কুম্বলের ‘পারফেক্ট টেন’, ‘যদি বলি আমি সেটা (কুম্বলের ১০ উইকেট) ভাবছিলাম না তবে আমি মিথ্যা বলব। সবকিছু যেভাবে ঘটছিল, মনে হচ্ছিল এটা সত্যিই সম্ভব। তবে এর মধ্যে আঙুলে চোট পেলাম, আর এটাই ছন্দপতন ঘটাল।’প্রথম দিনটা অশ্বিন শেষ করেছিলেন ৮৮ রানে ৬ উইকেট নিয়ে। অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটটা তুলে নিয়ে রবীন্দ্র জাদেজাই শেষ করেন ১০ উইকেটের সম্ভাবনা। শেষ পর্যন্ত ইনিংসে ৭ উইকেট পেয়েছেন অশ্বিন, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। ওয়েবসাইট।