কুম্বলের দুশ্চিন্তা একটাই
ব্যক্তিগত অর্জনের পাল্লাটা অনেক ভারী। কিন্তু তার পরও একটা শূন্যতা নিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনিল কুম্বলে। বিশ্বকাপ যে জেতা হয়নি! বড় আশা নিয়ে এবার তাকিয়ে আছেন সাবেক সতীর্থদের দিকে। সাবেক এই লেগ স্পিনার আশাবাদী, ধোনির দলের হাতে ভাঙবে ২৮ বছরের ব্যর্থতার বৃত্ত। কিন্তু একটা ভয়ও পাচ্ছেন কুম্বলে, ‘আমার একমাত্র দুশ্চিন্তা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। সবাই যদি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ফিট থাকতে পারে, আমরা অবশ্যই এবার বিশ্বকাপ জিতব। আমাদের উজ্জ্বল সম্ভাবনা আছে। সম্ভবত আমাদের বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় সুযোগ এসেছে এবারই।’কুম্বলে বিশ্বকাপ খেলেছেন চারটি। ১৯৯৬ বিশ্বকাপে প্রথম। ওই আসরে ১৮.৭৩ গড়ে ১৫ উইকেটও নিয়েছিলেন। ভারতের বিধ্বস্ত হওয়া গত বিশ্বকাপে একটা ম্যাচই খেলেছিলেন, বারমুডার বিপক্ষে। ভারত গত বিশ্বকাপের শোধ এবার তুলবে বলে মনে করেন সংগঠক হিসেবে জীবনের আরেক অধ্যায় শুরু করে দেওয়া কুম্বলে, ‘এই টুর্নামেন্টে আমরা অনেক দিক দিয়ে এগিয়ে থাকছি। খেলোয়াড়দের ফর্ম দুর্দান্ত। মানের দিক দিয়েও খেলোয়াড়েরা দারুণ। দলে বেশ কিছু অলরাউন্ডার আছে যারা ব্যাট-বল দুই জায়গাতেই অবদান রাখতে পারে।’ ওয়েবসাইট।