কুম্বলের নেতৃত্বে স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন কদিন আগে। এবার আরও বড় দায়িত্ব পেলেন অনিল কুম্বলে। স্পিন গ্রেট মনোনীত হয়েছেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান। নতুন দায়িত্বে কুম্বলে সঙ্গী পাচ্ছেন নতুন এক মুখ। কদিন আগেই ক্রিকেটকে বিদায় জানানো অ্যান্ড্রু স্ট্রাউস জায়গা পেয়েছেন কুম্বলের ক্রিকেট কমিটিতে।এই সপ্তাহের শুরুতে কলম্বোতে আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে কুম্বলের মনোনয়ন। ২০০৮ সাল থেকে দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। স্ট্রাউস কমিটিতে এসেছেন ইয়ান বিশপের জায়গায়। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণে। আগের কমিটির দুই সদস্য সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর ও আইসিসির পরিসংখ্যানবিদ ডেভিড কেনডিক্সের সদস্যপদের মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর।ক্রিকেটের আইন-কানুন পরিবর্তনসহ খেলাটাকে সামনে এগিয়ে নিতে এবং যুগোপযোগী ও আকর্ষণীয় করে তুলতে নানা সুপারিশ করাই আইসিসি ক্রিকেট কমিটির মূল কাজ। ওই সুপারিশগুলো পরে আইসিসি অনুমোদন করে। আইসিসির প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাকের বিশ্বাস, কুম্বলে-স্ট্রাউস জুটি সফল হবে, ‘শুধু ক্রিকেটার হিসেবেই নয়, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হওয়ায় প্রশাসক হিসেবেও অনিল কুম্বলের অভিজ্ঞতা প্রশ্নাতীত। আমি নিশ্চিত, সে ক্লাইভের ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখবে এবং অ্যান্ড্রু স্ট্রাউসকে সঙ্গে নিয়ে কমিটিতে সমকালীন ধ্যানধারণার প্রতিফলন ঘটাবে। কারণ আধুনিক যুগে খেলাটার বিভিন্ন ইস্যু ওদের দুজনেরই ভালো জানা।’ ওয়েবসাইট।