কুয়েত-বধের পর উজ্জীবিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে স্বাগতিক ইরাকের কাছে ৬ গোল হজম। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরাক ১০৫, বাংলাদেশ ১৬৬। ৬১ ধাপ এগিয়ে থাকা দলের কাছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে এই হার বিনা মেঘে বজ্রপাত নয়। অনুমিত হারই। ব্যবধানটা একটু কম রাখতে পারলে সেটি হতে পারত বাংলাদেশ দলের জন্য কৃতিত্ব। তবে আশার কথা, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ১০৯তম স্থানে থাকা কুয়েতকে পরশু ১০ জন নিয়েও ১-০ গোলে হারিয়ে দিয়ে অভাবনীয় এক জয়ই ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা।

রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে, প্রায় ৩০ বছর পর কুয়েতের বিপক্ষে বয়সভিত্তিক কোনো ম্যাচ জিতল বাংলাদেশ। পরশুর স্মরণীয় ওই ম্যাচের ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-সবুজের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বাকি ৫৫ মিনিট ১০ জনের দল হয়েও কুয়েতের সঙ্গে সমানে সমানে লড়েছেন তকলিচরা। ম্যাচের অতিরিক্ত সময়ে রুবেল দারুণ শটে গোল এনে দেন দলকে। যদিও বাফুফে থেকে পরশু রাতে জানানো হয়, বাংলাদেশ দল জয়সূচক গোলটা নাকি ৭৫ মিনিটে করেছে। ইরাক সফরে মিডিয়া ম্যানেজার পাঠিয়েও বাফুফের এই ভুল তথ্য পরিবেশন করা আশ্চর্যজনক ব্যাপারই।

আজ বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে ইরাকের প্রতিপক্ষ কুয়েত। বাংলাদেশ ও কুয়েত জিতলে এই গ্রুপে সবারই পয়েন্ট হয়ে যাবে সমান। সে ক্ষেত্রে গোলগড়ই গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করবে। বাছাইপর্বের ৯টি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে চূড়ান্ত পর্বে যাবে সেরা ৬ রানার্সআপ দল। অন্তত রানার্সআপ হয়েও চূড়ান্ত পর্বে যেতে আজ বড় জয় অত্যাবশ্যক বাংলাদেশের জন্য।

সেটি আর অসম্ভব মনে করছেন না বাংলাদেশের কোচ রেনে কোস্টার। কুয়েত-বধের পর ডাচ কোচ বাফুফেকে জানিয়েছেন, ‘১০ জন নিয়েও কুয়েতের বিপক্ষে ছেলেরা বাঘের মতো লড়েছে। এ দলটির মানসিকতা, পরিণতবোধ ও বোঝাপড়াটা চমৎকার। এমন মনোভাব বাংলাদেশের সব দলেই দেখতে চাই।’ পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর কথা, ‘পাকিস্তান শক্তিশালী দল। তারা দুর্ভাগ্যক্রমে আগের দুই ম্যাচে হেরেছে। জয় পেতে এটাই তাদের শেষ সুযোগ। জেতার সর্বোচ্চ চেষ্টাই তারা করবে।’

তবে বাংলাদেশকে বাড়তি শক্তি জোগাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ম্যাচে হারের পরও আরবিল স্টেডিয়ামে আসা বাংলাদেশিদের প্রশংসায় রেনে কোস্টার, ‘প্রবাসীদের সমর্থন আমাদের মানসিকভাবে অনেক উজ্জীবিত করছে।’