কুরে-রাইডার ঝড়ে ওলট-পালট রেকর্ড বইয়েও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুরে-রাইডার ঝড়ে ওলট-পালট হলো রেকর্ড বইও!
কুরে-রাইডার ঝড়ে ওলট-পালট হলো রেকর্ড বইও!

আজ কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে একটার পর একটা রেকর্ড হুড়মুড়িয়ে পড়েছে নিউজিল্যান্ডের কুরে অ্যান্ডারসন ও জেসি রাইডারের চরণতলে। চলুন রেকর্ডগুলো দেখে নেওয়া যাক একনজরে।

* ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এখন অ্যান্ডারসনের দখলে। মাত্র ৩৬ বলে করেছেন এ সেঞ্চুরি! আর এতেই ভেঙে গেছে আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ডটি। কেবল ওয়ানডে ক্রিকেটে নয়, লিস্টে ম্যাচের দ্রুততম শতকও ছুঁয়ে ফেলেছেন অ্যান্ডারসন। লিস্টের ম্যাচে এত দিন দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড সামারসেটের গ্রাহাম রোজের দখলেই ছিল। ১৯৯০ সালে তিনিও শতক হাঁকিয়েছিলেন ৩৬ বলে।

* জেসি রাইডারের শতকটিও দ্রুততম শতকের তালিকায় ঠাঁই পেয়েছে। তিনি করেছেন সপ্তম দ্রুততম সেঞ্চুরি। একই ওয়ানডে ম্যাচে ৫০-এর কম বল খেলে দুজন ব্যাটসম্যানের শতক হাঁকানোর রেকর্ড এটাই প্রথম।

* রবি রামপাল আজ রাইডার-অ্যান্ডারসনের কাছে যে ‘বেধড়ক পিটুনি’ খেয়েছেন, তা সারা জীবনে ভোলার কথা নয়! রামপাল তিন ওভারে দিয়েছেন ৬৪ রান! প্রত্যেকে ওভারে ২১.৩৩ করে! ওয়ানডে ক্রিকেটে এক ওভারের বেশি বল করেছেন এমন বোলারদের মধ্যে এটিই সবচেয়ে ‘বাজে’ বোলিং!

* ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আজ ছয়জন বোলারকে ব্যবহার করেছেন। ছয়জনই ওভারপ্রতি দিয়েছেন ১০-এর বেশি রান। একসঙ্গে সব বোলারের ইকোনমি রেট ১০-এর ওপর; এমন দৃষ্টান্তও আজ প্রথম!

* অ্যান্ডারসন ও রাইডারের চতুর্থ উইকেট জুটিতে ১৫.২৮ গড়ে রান উঠেছে ১৯১। রানের গড় হিসেবে একদিনের ম্যাচে এটিই চতুর্থ সর্বোচ্চ জুটি। উল্লেখ্য, রানের গড়ে প্রথম চারটি জুটির তিনটিই নিউজিল্যান্ডের।

* চতুর্থ উইকেট-জুটিতে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি। এর আগে রেকর্ডটি ছিল স্কট স্টাইরিশ ও রস টেইলরের দখলে। ২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিপক্ষে স্টাইরিশ ও টেইলর জুটি করেছিল ১৯০ রান।

* আজ ব্ল্যাক ক্যাপসরা তাঁদের ১২৬ বলের ইনিংসে (বৃষ্টির কারণে আজ খেলা হয়েছিল ২১ ওভার) ছক্কা হাঁকিয়েছেন ২২টি। একদিনের ম্যাচে এক ইনিংসে এটিই সর্বোচ্চ। এক ইনিংসে ২০টির বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও এটিই প্রথম। এর আগের রেকর্ডটি ছিল ভারতের দখলে। গত বছরের নভেম্বরে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা ১৯টি ছক্কা হাঁকিয়েছিলেন। রোহিত শর্মার ১৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ওই ম্যাচেই হয়েছিল।

* এ ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একেকটি ছক্কা হাঁকাতে লেগেছে মাত্র ৫.৭ বল! ওয়ানডেতে কম ওভার খেলা হয়েছে এবং ন্যূনতম ১০টি ছক্কা হাঁকানো হয়েছে, এমন ম্যাচের হিসাবে এটিই সবার ওপরে। এর আগে এ রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা প্রতি ৯.৮ বলে একটি ছক্কা মেরেছিলেন।

* বৃষ্টির কারণে আজ ম্যাচ খেলা হয়েছে ২১ ওভার। ২০ ওভার শেষ নিউজিল্যান্ডের স্কোর ২৭৫। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরই ২৬০! কেনিয়ার বিপক্ষে লঙ্কানরা এ রেকর্ড গড়েছিলেন। এ ছাড়া যেকোনো ধরনের টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ স্কোর ২৬৩। গত বছর আইপিএলে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার্স এ রেকর্ড গড়েছিল। আর টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ২১৪। তার মানে এ ম্যাচটি ছিল টি-টোয়েন্টির চেয়ে বেশি!
* ২০০০ সালের পরে একদিনের ম্যাচে ২০ ওভারের আগেই সেঞ্চুরি পেয়েছেন এমন ব্যাটসম্যানের সংখ্যা মোটে নয়জন। রাইডার ও অ্যান্ডারসনের আগে এ রেকর্ড ছুঁয়েছেন বীরেন্দর শেবাগ, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, সনাত্ জয়াসুরিয়া, জন ড্যাভিসন ও তিলোকরত্নে দিলশান। তবে ২০০০ সালের পর ২০ ওভারের আগে একই সঙ্গে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি গড়ার কীর্তি এই প্রথম।