কুর্মিটোলায় থিটিফুনের 'হট' গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিটিফুন চুয়াইপ্রাকং
থিটিফুন চুয়াইপ্রাকং

প্রথম রাউন্ডে ৭৪ শট, দ্বিতীয় রাউন্ডে ৭৫ শট। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট বেশি, কাট মিস। গত বছর প্রথম বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ভুলে যাওয়ার মতোই পারফরম্যান্স ছিল থাইল্যান্ডের থিটিফুন চুয়াইপ্রাকংয়ের। এক বছরের মধ্যেই থাই গলফার কুর্মিটোলা গলফ ক্লাবে ফিরে কী দুর্দান্তই না করছেন!
দ্বিতীয় বাংলাদেশ ওপেনের প্রথম তিন রাউন্ড শেষে সবার ওপরে ২৩ বছর বয়সী থাই তরুণ। আজ শেষ দিনে লিডটা ধরে রাখতে পারলেই প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের শিরোপা হাতে উঠবে চুয়াইপ্রাকংয়ের। প্রথম তিন দিনে সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলা গলফার আশাবাদী, ঢাকা থেকেই নিয়ে যাবেন প্রথম শিরোপা।
চুয়াইপ্রাকং আশা করতেই পারেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীরাই যে বলে দিচ্ছেন চুয়াইপ্রাকংকে থামানো প্রায় অসম্ভব। পারের চেয়ে ১৪ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা এস চিক্কারাঙ্গাপ্পা মুগ্ধ চুয়াইপ্রাকংয়ের খেলায়। কাল চুয়াইপ্রাকং ও চিক্কা খেলেছেন একই সঙ্গে। খুব কাছ থেকে খেলা দেখে ভারতীয় গলফারের উপলব্ধি, চুয়াইপ্রাকংয়ের পা হড়কানো ছাড়া আর কোনো উপায় নেই, ‘এককথায় বলব থিটিফুন (চুয়াইপ্রাকং) হট গলফ খেলছে। ও অসাধারণ খেলছে। তবে পার্থক্যটা যেহেতু ৩ শটের, আশা তো করতেই পারি।’
চুয়াইপ্রাকংয়ের মতো চিক্কা ও দুইয়ে থাকা আরেক থাই সুটিজেট কুরাতানাপিসানকেও হাতছানি দিচ্ছে প্রথম শিরোপা। আজ সকাল ১০টা ১০ মিনিটে একই সঙ্গে টি করবেন এই তিনজন।
কাল তৃতীয় রাউন্ডেও হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ২ শট বেশি খেলে ২০ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন দুবারের এশিয়ান ট্যুর বিজয়ী। পারের চেয়ে ৩ শট বেশি খেলে ৩৪ থেকে ৫৭ নম্বরে নেমেছেন মোহাম্মদ সাইয়ুম। তবে জামাল-শাখাওয়াত-মতিনরা হতাশ করেননি। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেছেন জামাল হোসেন, শাখাওয়াত সোহেল খেলেছেন ২ শট কম। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম নিয়ে যৌথভাবে সাত নম্বরে এই দুজন। কাল পারের চেয়ে ১ শট কম খেলা মতিন (-৭) আছেন ১১ নম্বরে।
সিদ্দিকুরের তুলনায় ভালো খেললেও পাটিংটা ভালো হচ্ছে না বলে আক্ষেপ করলেন তিনজনই। মতিন বলছিলেন, ‘গ্রিনটা খুব ফাস্ট। ঘরোয়া টুর্নামেন্টে আমরা এতটা ফাস্ট গ্রিনে খেলি না। কারণ এটাই।’
তবে চেনা পরিবেশে শেষ দিনে আরও ভালো করার প্রত্যয় ছিল তিনজনের কণ্ঠেই।