কুলাসেকারা ফিরলেন, হেরাথ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে দলে ফিরেছেন কুলাসেকারা ফাইল ছবি
চোট কাটিয়ে দলে ফিরেছেন কুলাসেকারা ফাইল ছবি

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ছিলেন না। তবে আঙুলের চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা।

আজ বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের দলে নির্বাচকেরা ফিরিয়ে এনেছেন আরও কয়েকজনকে। পঞ্চম ওয়ানডেতে বিশ্রামে থাকা মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা ফিরেছেন। ফিরেছেন ওয়ানডে সিরিজের দলে ঠাঁই না পাওয়া স্পিনার জিভান মেন্ডিসও। স্পিনার রঙ্গনা হেরাথকে অবশ্য দলের বাইরে পাঠিয়েছেন নির্বাচকেরা।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল শ্রীলঙ্কা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ষষ্ঠ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে কাল শুক্রবার, কলম্বোতে। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে রবি ও মঙ্গলবার, হাম্বানটোটায়।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো পেরেরা, জিভান মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল, সাচিত্র সেনানায়েকে ও অজন্তা মেন্ডিস। সূত্র: রয়টার্স।