কুলীনকুলে নেই ইংলিশরা
গ্যালারিঠাসা দর্শক, বিশ্বজোড়া অগুনতি ভক্ত, উত্তেজনা ছড়ানো সব ম্যাচ—ইংলিশ প্রিমিয়ার লিগকে একটু ঝুঁকি নিয়ে বিশ্বসেরা লিগই বলে ফেলা যায়। কথাটা হয়তো ঠিক হলো না। ইংলিশ ক্লাবগুলোর সেই দুর্দম আগ্রাসন এখন অনেকটাই স্তিমিত। ইউরোপের সবচেয়ে কুলীন প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে যখন ইংল্যান্ডের কোনো ক্লাবই নেই, তখন বলতেই হবে ইংলিশ-রাজের সূর্যটা দূর দিগন্তে হেলে পড়ছে।শেষ ১৯৯৫-৯৬ সালে ঘটেছিল এমন ঘটনা। ১৭ বছর পর ঘটনাটার পুনরাবৃত্তি হলো এবার। চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নেই কোনো ইংলিশ ক্লাব। অথচ মাত্র গতবারই রূপকথার জন্ম দিয়ে ইংলিশ ক্লাব চেলসি জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। তবে পতনের আভাসটা শুরু হয়েছিল কিন্তু দুই বছর আগে থেকেই। ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯ মৌসুমেও শেষ চারের তিনটি ক্লাবই ছিল ইংল্যান্ডের। ২০০৬-০৭ তো চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড অল ইংলিশ ফাইনালই দেখেছিল চ্যাম্পিয়নস লিগ। এর পর থেকেই সেই সাফল্যে ভাটার টান। ২০১০-১১ মৌসুমে ইউনাইটেড ও গতবার চেলসি ছিল প্রিমিয়ার লিগে শেষ চারের একমাত্র প্রতিনিধি। অবনমনের ধারাটা এবার আরও স্পষ্ট। আর্সেনাল ও ইউনাইটেড তা-ও শেষ ষোলোতে উঠেছে। চেলসি তো ডুবেছে একমাত্র বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার লজ্জায়। সবচেয়ে করুণ অবস্থা ম্যানচেস্টার সিটিরই, গ্রুপ পর্ব শেষ করেছিল সবার নিচে থেকে। ইউরোপা লিগও তারা খেলতে পারেনি।আর্সেন ওয়েঙ্গারের বিষণ্ন কণ্ঠে তাই অনুরণিত হলো যেন পুরো ইংল্যান্ডের আক্ষেপ, ‘এটা ইংলিশ ফুটবলের জন্য বিশাল একটা হতাশা। আমাদের জেগে ওঠার বড় একটা ডাকও। এর মানে, ইউরোপের বাকিরা আমাদের ধরে ফেলেছে।’একসময় কি ধারে, কি ভারে বুন্দেসলিগা অনেক পিছিয়েই ছিল। ইংলিশ লিগের দুঃসময়ে বুন্দেসলিগায় এখন নতুনের আবাহন। ২০০২ সালের পর প্রথমবারের মতো দুই জার্মান ক্লাব শেষ আটে। তবে বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কেস দাঁড়াচ্ছেন ইংলিশ ক্লাবগুলোর পাশেই, ‘ফুটবলে এমন হতেই পারে। আমার মনে হয়, ইংলিশ দলগুলো সামনের বছরই ফিরে আসবে।’হোসে মরিনহোর কণ্ঠেও একই সুর, ‘ইংলিশ ফুটবল ইংলিশ ফুটবলই। স্প্যানিশ দলগুলো চ্যাম্পিয়নস লিগ থেকে যদি বাদ পড়ে তাহলেও বলা যাবে না তারা শেষ হয়ে যাচ্ছে। মাঝেমধ্যে ফলাফল পুরো অবস্থাটা দেখায় না। এটাই ফুটবল।’ এএফপি।