কুশলের পর কুশলী বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাসিথ মালিঙ্গাকে খুবই কুশলী ব্যবহার করেছে শ্রীলঙ্কা। নতুন বল হাতে নেননি, বোলিংয়ে আসেন পঞ্চম ওভারে। এসেই ডি কককে বোল্ড করে দলকে দিলেন প্রথম উইকেট। এরপর আবারও রেখে দিলেন প্রয়োজনের সময় কাজে লাগানোর জন্য। শেষের ২ ওভারে তার প্রতিদানও দিয়েছেন এই বোলার।
তবে কালকের ম্যাচের সেরা কুশল পেরেরা। ঝোড়ো শুরু করে দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। অন্যদিকে উইকেট পড়ছিল নিয়মিত। তাই ১৬৫ রানের দলীয় সংগ্রহে তাঁর অবদানটা মহার্ঘ।
সেটা স্বীকার করছেন অধিনায়ক চান্ডিমালও। ম্যাচ শেষে ক্লান্তির দোহাই দিয়ে সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক। তবে ক্রিকইনফোর কাছে চান্ডিমাল কুশল-ম্যাথুসের প্রশংসাই করেছেন, ‘কুশল আমাদের ইনিংসটির দুর্দান্ত সূচনা করেছে। বেশ কিছু বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। পরে অ্যাঞ্জেলো বাকি কাজটি করেছে দারুণভাবে।’
ব্যাটিংয়ের সময় ব্যথা পেয়েছিলেন পেরেরা। ম্যাচ শেষ হওয়ার আগেই হাসপাতালে ছুটতে হয়েছে। তাই সংবাদ সম্মেলনে তাঁকেও পাওয়া যায়নি। অধিনায়ক ও ম্যাচসেরার অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে আসেন সাচিত্রা সেনানায়েকে।
মালিঙ্গা ও অজন্তা মেন্ডিসকে ছাপিয়ে সেনানায়েকেই কাল শ্রীলঙ্কার সেরা বোলার। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই স্পিনার। অজন্তা মেন্ডিসের ওপর শুরু থেকে চড়াও হয়েছিলেন প্রোটিয়ারা। ওভারপ্রতি ১১ রান দিয়ে এই স্পিনারের নামের পাশে একটি মাত্র উইকেট। তার পরও সাচিত্রা সেনানায়েকে মেন্ডিসকে খাটো করেননি, ‘মেন্ডিস ভালো স্পিনার। আজ হয়তো কিছু রান দিয়েছে।’
প্রতিপক্ষ শিবিরে হলো বিজয়ীদের বন্দনা। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স শ্রীলঙ্কার বোলিং ও ফিল্ডিংয়ের কৃতিত্ব অকপটে স্বীকার করে নিজেদের ব্যর্থতাকেই দেখালেন বড় করে, ‘আমরা শতভাগ দিতে পারিনি। শতভাগ দিতে পারলে ভালো হতো। আমাদের বোলিং-ফিল্ডিং খারাপ হয়েছে।’