কুস্তি পরিবারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা গেল পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোককে। চলছে ২১তম জুনিয়র (অনূর্ধ্ব-১৮) কুস্তি, রংপুর থেকে ১৩ জন কুস্তিগির নিয়ে এসেছেন কোচ রফিকুল ইসলাম। এদের সাতজনই তাঁর পরিবারের! খানিক পরপর হাতে ধরা তালিকা দেখে একেকজনের নাম ধরে ডাকছেন। ড্রেসিংরুম থেকে দৌড়ে এসে অমনি একজন বলে উঠলেন, ‘মামা, আমি রেডি।’এবার জুনিয়র কুস্তিতে খেলছেন রফিকুলের ছোট ভাই শফিকুল ইসলাম, বোন মোহসেনা খাতুন, ভাগনে মোসাদ্দেক হোসেন, আবদুল আল মাহিন, ভাগনি ফারহানা আক্তার, ফারিয়া আক্তার ও রুমানা পারভীন। ছোটবেলায় মা-বাবাকে হারানো রফিকুল খেলা নিয়েই বেঁচে আছেন। ভাগনে-ভাগনিদেরও নিজের কাছেই রেখেছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাচ্ছে ওরা।রংপুরের পশ্চিম মুলাটোলে রফিকুল কুস্তিগিরের বাড়িটা বেশ বিখ্যাত। প্রতিভার ছড়াছড়ি এই পরিবারে। মোহসেনা জানালেন, মোসাদ্দেক রংপুর বেতারের তালিকাভুক্ত তবলাবাদক। ফারহানা ভালো নাচিয়ে। ফারিয়া কুস্তির পাশাপাশি হ্যান্ডবলও খেলেন। রুমানা কবিতা আবৃত্তি করেন। মোহসেনা নিজে সংগীতশিল্পী। এই পরিবারকে নিয়ে মোহসেনার গর্বের শেষ নেই, ‘এমন পরিবারের সদস্য বলে আমি গর্বিত।’ এত খেলা থাকতে কুস্তিতে কেন? মোহসেনার উত্তর, ‘ভাইয়াকে জন্মের পর থেকেই দেখছি কুস্তি খেলতে। আমরাও ভাইয়ার সঙ্গে খেলছি।’ অনুশীলনে অনেক কষ্ট। কিন্তু সেই অনুযায়ী পুষ্টিকর খাবার খেতে পান না বলে তাঁর আক্ষেপ, ‘যেমন কঠিন অনুশীলন করি, তেমন খাবার পাই না।’ কোচ রফিকুল সাহায্যপ্রত্যাশী, ‘কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রংপুরের কুস্তিতে এগিয়ে এলে ওরা আরও ভালো করত।’ জেলা ক্রীড়া সংস্থা থেকেও কোনো আর্থিক অনুদান পান না রফিকুল। কুস্তি প্রশিক্ষণের বাইরে রংপুর পৌর মার্কেটে সবজির আড়তদার তিনি। এভাবে প্রতিবছর কুস্তিগির তৈরি করে আর ঢাকায় আনতে চান না। অভিমান করে বললেন, ‘ভাবছি এসব থেকে অব্যাহতি নেব।’ কিন্তু কুস্তিকে ছাড়তে চাইলেও কুস্তিগিররা কি রফিকুলকে ছাড়বেন?