কুস্তিগিরদের 'মোগলাই' সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাঁতার সংস্থা ফিনার বৃত্তি নিয়ে বছর দুয়েক আগে থাইল্যান্ডে গিয়েছিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমা খাতুন। ১০ মাসের অনুশীলনে ফুকেটে গিয়েছিলেন এই দুই সাঁতারু। এবার এক বছরের অনুশীলনে ভারতে যাচ্ছেন ১৭ কুস্তিগির। ভারতের কুস্তি ফেডারেশন বাংলাদেশকে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মোগল সাম্রাজ্যের অন্যতম শহর দিল্লিতে এদের আবাসন, খাওয়া এবং স্থানীয় যাতায়াতের সব বহন করবে ভারত কুস্তি ফেডারেশন।
এমন উদ্যোগকে বাংলাদেশের কুস্তির জন্য বড় একটা সুযোগ বলেই মানছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, ‘বাংলাদেশের কুস্তিগিরদের জন্য এমন দীর্ঘমেয়াদি অনুশীলনের সুযোগ এটাই প্রথম। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি গত এসএ গেমসের সময় আমাদের এমন একটা প্রস্তাব দিয়েছিলেন। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে। এখান থেকে অনুশীলনের পর আশা করি, এসএ গেমসে সোনা জিতবে কুস্তি।’
১৭ জন কুস্তিগিরের সঙ্গে দুই কর্মকর্তাও ভারতে দলের সঙ্গে যাবেন। ভারতীয় ভিসা মিললে কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়বেন কুস্তিগিররা। দুই দেশের ফেডারেশনের ক্রীড়া কূটনীতির ধারাবাহিকতায় এরপর স্কুলপর্যায়ের ২৫ কুস্তিগিরকেও ভারতে পাঠানো হবে বলে জানালেন তাবিউর রহমান। তাঁদের পাঠানো হবে পাঁচ বছরের জন্য।