কুস্তিতে এক কাবুলিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-একটা বাংলা বলতে পারেন। কথা বললেন অবশ্য ইংরেজি ও উর্দু মিশিয়ে, ‘ফাইট, ডিফেন্স...।’ জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে জনা ত্রিশ কুস্তিগির নিয়ে অনুশীলনে ব্যস্ত হাফিজউল্লাহ, ৩৩ বছর বয়সী আফগান কুস্তি কোচ। জাতীয় দলের কুস্তি খেলোয়াড়দের নিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করেছেন অনুশীলন। গত ডিসেম্বরে পেশোয়ারে আন্তর্জাতিক পিস রেসলিং চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের একটি দল নিয়ে এসেছিলেন হাফিজউল্লাহ। তাঁর টেকনিক, ট্যাকটিস দেখে মুগ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান। এরপর তাঁকে বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব পেয়েই কাবুল থেকে ঢাকা চলে এসেছেন হাফিজউল্লাহ। তাবিউর বললেন, ‘আমাদের প্রস্তাবে রাজি হয়ে উনি এসেছেন। তবে অলিম্পিক থেকে আর্থিক সহযোগিতা পেলে তাঁকে রাখা হবে। এখনো চুক্তি করিনি।’আফগানিস্তানে সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন হাফিজউল্লাহ ২০০৬ এসএ গেমসের সোনাজয়ী। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ঠিক এক দিন আগে পাকিস্তানে পালিয়ে বাঁচেন পরিবার নিয়ে। পাকিস্তানে গিয়েও কুস্তিসাধনা চালিয়ে যান। বছর দুয়েক আগে ফিরেছেন কাবুলে। আফগানিস্তানে কোনো মহিলা কুস্তিগির নেই। কিন্তু ঢাকায় এসে মেয়েদের স্বচ্ছন্দে অনুশীলন করাচ্ছেন। কাল বললেন, ‘আমার কাছে ছেলেমেয়ে সবাই খেলোয়াড়।’ সবার শেখার আগ্রহটা দেখে মুগ্ধ হাফিজউল্লাহ, ‘এই ছেলেমেয়েরা খুবই ভালো। এদের শেখার অনেক আগ্রহ। কিন্তু দিন কয়েকের মধ্যে তো এদের ভালোভাবে শেখানো সম্ভব নয়।’ কুস্তি খেলোয়াড়েরা এই কোচকে পেয়ে খুশি। আনসারের খেলোয়াড় বিজলী বললেন, ‘এই কোচ খুবই ভালো মানের। এ রকম একজন কোচ পেলে খুবই ভালো হতো।’ কোনো স্পনসর পাচ্ছে না ফেডারেশন। কর্মকর্তারা তাই তাকিয়ে আছেন বিওএর দিকে। কিন্তু ২০২০ সালের অলিম্পিকে যে কুস্তিই যে থাকছে না খেলা হিসেবে! সুতরাং সারা বিশ্বেই কুস্তির ভবিষ্যৎ অন্ধকারে। উদ্বিগ্ন তাবিউরও, ‘আমরাও জানি অলিম্পিকে কুস্তি থাকবে না। সারা বিশ্ব এটা নিয়ে আন্দোলন করছে। দেখা যাক কী হয়!’