‘বড় ভাইয়ারা যা পারেননি, আমরা তা করে দেখাতে চাই। ফাইনালে খেলতে চাই আমরা’—কুস্তিগির শিরিন সুলতানার কণ্ঠে আত্মবিশ্বাসের ছোঁয়া। পুরো দল কখনো সোনা জেতেনি এসএ গেমসে, সেই অতৃপ্তি এবার দূর করতে চায় মেয়েদের দলটি। এবারই প্রথম এসএ গেমসে খেলবেন মেয়েরা। নিজের ওজনশ্রেণিতে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন শিরিন তাই সোনা জয়ের সাহস দেখাচ্ছেন।
কুস্তিতে বরাবরই ভারতের প্রাধান্য। তবে ইন্দো-বাংলা কুস্তি চ্যাম্পিয়নশিপে পশ্চিম বাংলার খেলোয়াড়দের হারিয়ে দিয়ে আশাবাদী হয়ে উঠেছেন শিরিন। কোচ আশরাফ আলী অবশ্য বাস্তবতাটা জানেন, ‘আমরা কুস্তিতে সোনা জিততে পারব না, এটাই ধরে নিতে হবে। তবে রুপার জন্য লড়বে দুই দলই। নেপাল ও শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালে ওঠা সম্ভব।’
ঢাকায় হওয়া সর্বশেষ এসএ গেমসে ৫টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারও অন্তত ৫টি পদকের আশা কোচের। সেই লক্ষ্যে আগস্ট থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে অনুশীলন করছেন ৮ জন করে পুরুষ ও নারী কুস্তিগির। অনেক দিন পর তাঁরা ক্যাম্প করছেন। গত বছর দুটি উন্মুক্ত টুর্নামেন্ট ছাড়া কোনো জাতীয় প্রতিযোগিতা হয়নি। এসএ গেমসে যাওয়ার আগে প্রস্তুতিটা পরখ করার কোনো সুযোগই নেই কুস্তিগিরদের। তবু শিরিন ও তাঁর সঙ্গীরা আশাবাদী।
গত মে মাসে ঢাকায় হয়েছিল এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ। এরপর এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে ইরানে আমন্ত্রণমূলক ভলিবলে খেলেছে বাংলাদেশ দল। দুটি বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার এসএ গেমসে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তারপরও খেলোয়াড়েরা আশার কথা খুব একটা বলতে পারেন না। দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ এ পর্যন্ত মাত্র ২টি ব্রোঞ্জ জিতেছে। সর্বশেষ পদক ১৯৯৯ সালে।
এবার ভালো কিছুর আশায় আনা হয়েছে ইরানের কোচ আলিপোর আরজিকে। এই কোচের অধীনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুশীলন করছেন খেলোয়াড়েরা। প্রস্তুতি নিয়ে খেলোয়াড়দের আক্ষেপ না থাকলেও অধিনায়ক সাইদ আল জাবির বাস্তবতা মেনে বলছেন, ‘আমরা সোনা, রুপা জিততে পারব না। কিন্তু ব্রোঞ্জ জেতার আশা করছি।’ বাংলাদেশের গ্রুপে খেলবে পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। গ্রুপ পর্ব জিতে সেমিফাইনালে উঠতে চান জাবির, ‘মালদ্বীপ, আফগানিস্তানকে হারালে সেমিফাইনালে উঠতে পারব। এই দুই দলকে হারাতে পারব আশা করি।’ এসএ গেমসের প্রস্তুতিকে প্রাধান্য দিতে দেশের বাইরে কোনো টুর্নামেন্ট করেনি ফেডারেশন। তবে ইরানে প্রস্তুতিমূলক ১৩ ম্যাচের ৭টিতে জয় বাংলাদেশকে আশা দেখাচ্ছে। ক্লাব পর্যায়ের এই দলগুলোর সঙ্গে জয় এসএ গেমসের মঞ্চে ব্রোঞ্জ জেতার সাহস জোগাচ্ছে জাবিরদের।
এমনিতেই টেনিসে ঘরোয়া টুর্নামেন্ট খুব কম। গত বছর কোনো প্রতিযোগিতাই আয়োজন করেনি ফেডারেশন। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিতই খেলছে টেনিস দল। এবার শেষ মুহূর্তে এসএ গেমসে যোগ হয়েছে টেনিস। তড়িঘড়ি করে গত ১৭ নভেম্বর থেকে অনুশীলন শুরু হয়েছিল টেনিস খেলোয়াড়দের। স্বাভাবিকভাবেই প্রস্তুতিটা তাঁদের মনের মতো হয়নি।
এসএ গেমস টনিসে একটি মাত্র ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সেটিও সেই ১৯৯৫ সালে। এবার দ্বিতীয় ব্রোঞ্জটা জেতা সম্ভব মনে করছেন অমল রায়, রঞ্জন রামরা। তবে প্রস্তুতি নিয়ে অমল রায় খুব একটা খুশি নন, ‘আমাদের অন্তত কয়েকটা অনুশীলন ম্যাচ খেলা উচিত ছিল। দেশে আমাদের প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু বাইরে গিয়ে টুর্নামেন্টে খেললে নিজেদের পরখ করে তো নিতে পারতাম। তারপরও ব্রোঞ্জের আশাই করছি।’ কোচ রোকন উদ্দিন আহমেদের আশার পরিধিটা অবশ্য আরেকটু বড়, ‘পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈতে ফাইনালে খেলার সম্ভাবনা আছে আমাদের।’
>এসএ গেমসের প্রস্তুতি
কুস্তি, ভলিবল, টেনিস
১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই
ধারাবাহিেক আজ কুস্তি, ভলিবল ও টেনিস
কুস্তি, ভলিবল, টেনিসে বাংলাদেশের পদক
কুস্তি
সোনা : ০
রুপা : ৬
ব্রোঞ্জ : ১৫
ভলিবল
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ২
টেনিস
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ১