হ্যাটট্রিক তো ফুটবলে সচরাচর হয়ই। আর্সেনালের বিপক্ষে গত ম্যাচে লিওনেল মেসি যা করেছেন, সেটিকে বলা হচ্ছে কুয়াড্রো-ট্রিকস। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে মেসি করেছেন চার গোল। ১৯৯২ সাল থেকে নতুন ফরম্যাট দিয়ে চ্যাম্পিয়নস লিগ নামে শুরু হওয়া ইউরোপ-শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে এক ম্যাচে চার গোল মেসির আগে করেছেন মাত্র পাঁচজন। সর্বশেষ কীর্তিটা আন্দ্রেই শেভচেঙ্কোর। ২০০৫ সালে ফেনেরবাচের বিপক্ষে এসি মিলানের চার গোলের সবগুলোই করেন এই ইউক্রেনিয়ান স্ট্রাইকার। এর আগে এই কীর্তি ছিল মার্কো ফন বাস্তেন (মিলান), সিমোনে ইনজাগি (লাৎসিও), দাদো প্রসো (মোনাকো) ও রুড ফন নিস্টলরয়ের (ম্যানইউ)। ‘চ্যাম্পিয়নস লিগ’-এর পূর্বসূরি ইউরোপিয়ান কাপে এই কীর্তি ছিল ফেরেঙ্ক পুসকাস আর স্যান্ডর ককসিসের। দুজনই হাঙ্গেরির। আরও কাকতালীয় হলো দুজনেরই এই কীর্তি ১৯৬০ ইউরোপিয়ান কাপে। পার্থক্য? পুসকাস করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে, ককসিস বার্সেলোনার!