কুয়াশা ফুঁড়ে বাংলাদেশের হাসিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নিয়ে তৃতীয়বার পাঁচ উইকেট পেলেন, আর এটিকেই সবার ওপরে তুলে ধরলেন শাহাদাত হোসেন। কারণটা পরিষ্কার, এই পাঁচ উইকেটেই ধসিয়ে দেওয়া গেছে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। কাল দিন শেষে তারপরও একটা দ্বিধা-দ্বন্দ্ব শাহাদাতের! কাকে উত্সর্গ করবেন সবার সেরা ৫ উইকেট?‘উত্সর্গ করার মতো তো কেউ নেই! কাকে উত্সর্গ করব...?’—বলতে বলতে হঠাত্ দাঁড়িয়ে পড়লেন। খুঁজে পেলেন কাউকে? আবিষ্কারের আনন্দ শাহাদাতের চোখেমুখে। বললেন, ‘আমার বাবাকে উত্সর্গ করা যায়। উনি সব সময় চান আমি ভালো খেলি। যখন দলে থাকি না তখন খুব মন খারাপ করেন।’ শাহাদাতের বাবার মুখে কাল নিশ্চয়ই হাসি ফুটেছে—ছেলে দলে ফিরেই ৫ উইকেট পেল। এর চেয়ে ভালো আর কী হতে পারে?চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা শুধু শাহাদাত আর তাঁর বাবার জন্যই আনন্দময় নয়। একই দিনে টেস্টে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকার করেছেন ৪৪তম টেস্ট সেঞ্চুরি। দিন শেষে বাংলাদেশ কোচ জেমি সিডন্সের হাসিও বেশ বিস্তৃত। দলের পারফরম্যান্সে কাল পর্যন্ত তিনি এতটাই খুশি যে গেম প্ল্যানে চলে আসছে ইনিংস ঘোষণার পরিকল্পনা। সংবাদ সম্মেলন করে ড্রেসিংরুমে ফেরার সময় হাসতে হাসতে বলছিলেন, ‘কে জানে, ভালো একটা স্কোর হয়ে গেলে হয়তো আমরা ডিক্লেয়ারও করে দিতে পারি ইনিংসটা।’ মিনিটখানেক আগে সংবাদ সম্মেলনে এই কথাটাই বলেছেন একটু ঘুরিয়ে, ‘...আলোকস্বল্পতায় যদি আরও খেলা নষ্ট হয় তাহলে এই টেস্টে কেউ ইনিংস ঘোষণাও করতে পারে।’ ভারতও সিডন্সের মতোই ভাবছে কি না, সেটা অবশ্য জানা যায়নি। দিন শেষের সংবাদ সম্মেলনে ভারতের কেউ আসেনি।সিডন্সের সন্তুষ্টি মূলত বোলারদের নিয়ে। নইলে ব্যাটিংয়ে ৫৮ রানে ৩ উইকেট হারানোটাকে বাজে শট খেলার পরিণতিই মনে হয়েছে তাঁর কাছে, ‘দুটো বাজে শট খেলেছি আমরা, একটা তো খুবই ভালো বলে। বাজে বলে মারতে হবে, ব্যাটসম্যানদের সে রকমই বলা আছে। কিন্তু বাজে বলের পাশাপাশি তারা কিছু ভালো বলেও ব্যাট চালাল।’ তারপরও দ্বিতীয় দিন শেষে সব মিলিয়ে খুশি কোচ, ‘তিন উইকেট পড়ে যাওয়া আগের দিনের ভালো বোলিংটাকে কিছুটা নষ্ট করে দিয়েছে। তবে আমাদের ফিল্ডিংও খুব ভালো হয়েছে। আজ (গতকাল) সকালেও ৩০ রানের মধ্যে শেষ দুইটা উইকেট ফেলে দিলাম...সব মিলিয়ে ভালোই।’ সকাল সকাল ইশান্ত শর্মা ও শ্রীশান্তের উইকেট দুটি ফেলা না গেলে কোথায় গিয়ে থামবেন টেন্ডুলকার, ভারতকে অলআউট করার আগে সে শঙ্কাও নাকি উঁকি দিয়েছিল তাঁর মনে।ইনিংস ঘোষণার পরিকল্পনা মানে তো লক্ষ্য জয়! তবে পরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে দলের বাকি ব্যাটসম্যানদের ওপর। ‘সেঞ্চুরি করার মতো আরও অন্তত তিনজন ব্যাটসম্যান আছে আমাদের। আশা করি, তাদের কেউ না কেউ কাজটা করতে পারবে’—বলেছেন সিডন্স। আর সবার মতো অবশ্য তিনিও জানেন, বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের নিয়ন্তা এখন কুয়াশা। বাংলাদেশ কোচের বাকি তিন দিনের পরিকল্পনায়ও মিশে থাকছে সেটা, ‘আবহাওয়ার ওপরই নির্ভর করছে সবকিছু। ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার গন্ধ পাওয়া যাচ্ছে। আজ (গতকাল) খুব ভালো ব্যাটিং করা উচিত ছিল আমাদের...। তবে কালকের (আজ) দিনটা নতুন একটা দিনই হবে। আশা করি, ভালো স্কোর করে ওদের চাপে ফেলা যাবে।’সাকিবেরও লক্ষ্য বড় স্কোর। তবে কারও সেঞ্চুরির চেয়ে বড় দু-একটি জুটিতেই সে প্রত্যাশা পূরণ হতে পারে বলে মনে হচ্ছে তাঁর। স্কোরবোর্ডের দিকে এক পলক তাকিয়ে বললেন, ‘এখন তো ৫৯ রান...এক শ রানের একটা জুটি হলেও হয়। এখন বড় জুটি দরকার।’ এখনো ব্যাট করতে নামেননি। বড় জুটিই বলুন বা কোচের সেঞ্চুরির প্রত্যাশা পূরণ, দুটি দাবিই থাকে তাঁর কাছেও। ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব সেটা করতে পারলে ভালো একজন টেস্ট অলরাউন্ডার হিসেবেও আরেকবার মেলে ধরতে পারবেন নিজেকে। আগের দিনের ৪ উইকেটের সঙ্গে কাল শ্রীশান্তের শেষ উইকেটটি নিয়ে টেস্টে পর পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ৫ উইকেট পাওয়ার দিনে শাহাদাতের মতো একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল তাঁরও। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামেই ৭ উইকেট পাওয়া সাফল্যকে এক ঝটকায় ‘সবচেয়ে এগিয়ে’ বলে দিলেও বলতে পারছিলেন না এবারের ৫ উইকেটের মধ্যে কোনটি সেরা, ‘কীভাবে বলব...? ভালো বলে তো উইকেট পাই না, পাই বাজে বলে...।’হাসতে হাসতেই কথাটা বললেন সাকিব। সন্ধ্যার কুয়াশা ফুঁড়ে সে হাসিতে কি ফুটে উঠল গোটা দলের হাস্যোজ্জ্বল মুখটাও?