কুয়াশার দিনেও দুই সেঞ্চুরি

ধোঁয়া ওঠা ভাপা পিঠার ব্যবস্থা থাকলে আরও জমে যেত আড্ডাটা। বিকেএসপির ২ নম্বর মাঠের পাশের লেকপাড়ে শানবাঁধানো ঘাট। শীতের জবুথবু সকালে সেই ঘাটে বসেই চলছিল খেলোয়াড়দের আড্ডা। শুধু সকাল বললে অবশ্য ভুল হবে, তীব্র শীতে কুয়াশার চাদরে ঢাকা বিকেএসপি জবুথবু হয়ে থাকল আসলে কাল সারাটা দিনই। ক্রিকেটের চেয়ে আড্ডাবাজি আর গরম গরম চা খাওয়াই হলো বেশি।
২ নম্বর মাঠের আশপাশে গাছগাছালি বেশি। মাঠের মাঝখানের জমাট কুয়াশা তাই সেখানে বেশি ঘন। তার মধ্যে ক্রিকেটাররা ফুটবল নিয়ে দৌড়ঝাঁপ করলেও ক্রিকেট খেলতে পারলেন না। বিকেল সাড়ে ৩টায় ম্যাচ রেফারি দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন। ড্র হয়েছে পাশের ৩ নম্বর মাঠের বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটিও। তবে সান্ত্বনা, মাঠের আশপাশটা খোলামেলা হওয়ায় কুয়াশার ঘনত্ব একটা পর্যায়ে একটু কমে এসেছিল এখানে। সেই সুযোগে এই মাঠে খেলা হয়েছে দুই ঘণ্টার মতো। তাতে বিসিএলের প্রথম পর্ব সেঞ্চুরি দেখেছে আরও দুটি। তবে ম্যাচের ফলাফল সেই ড্র-ই।
তৃতীয় দিন শেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসে ওপেনার নাফিস ইকবালের উইকেট হারিয়ে করেছিল ২৩৪ রান। কাল আর একটি বলও না হওয়ায় ম্যাচ থেমে গেল সেখানেই। ৯৭ রান করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া নাজিমউদ্দিনের সেঞ্চুরিটা তাই আর হলো না। এর আগে সম্ভাবনা জাগিয়েও হয়নি ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার শামসুর রহমানের ট্রিপল সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে করা ২২৯ রানের সঙ্গে আর মাত্র ৩৮ রান যোগ করেই মাশরাফির বলে নাফিসের ক্যাচ হয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। একটু বেশি আক্রমণাত্মক ব্যাটিংয়েই নষ্ট হয়েছে ত্রিশতকের সম্ভাবনা। ওই ৩৮ রান করেছেন তিনি মাত্র ২৫ বলে। মেরে খেলার পক্ষে শামসুরের অবশ্য যুক্তিও আছে, ‘টেল এন্ডাররা চলে এসেছিল। সে জন্যই ভাবলাম মেরে খেললে হয়তো বা হয়ে যাবে।’ তিন শ না করার আক্ষেপ আছে, তবে এটি তাঁর কাছে ক্রিকেটেরই অংশ, ‘২৬৭ রান করে আমি আমার ব্যক্তিগত সর্বোচ্চ রানটা বাড়িয়েছি। এদিক দিয়ে আমি খুশি।’ শামসুরের ২৮৬ বলে ২৬৭ রানের সৌজন্যেই প্রথম ইনিংসে (৪৭৫) ১৭২ রানের লিড পায় মধ্যাঞ্চল। ড্র ম্যাচ থেকেও তাই বোনাস পয়েন্টসহ তাদের সংগ্রহ ১২ পয়েন্ট, পূর্বাঞ্চলের ৯।
৩ নম্বর মাঠে প্রথম ইনিংসের লিড ও বোনাস পয়েন্ট মিলিয়ে ১২ পয়েন্ট পেয়েছে দক্ষিণাঞ্চলও। প্রথম ইনিংসে ৬ রান পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের পয়েন্ট ১০। পরশু তৃতীয় দিন ৮ উইকেটে ৪২৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৫। নাঈম ইসলাম ৫৯ ও মুশফিকুর রহিম ২৬ রানে অপরাজিত ছিলেন। কাল দুপুর দেড়টায় শুরু হয়ে চা-বিরতি পর্যন্ত ব্যাটিং করে সেঞ্চুরি পেয়েছেন দুজনই। ১২৭ বলে ১০৬ করেও স্বেচ্ছায় অবসর নিয়েছেন নাঈম। আর মুশফিক ১০৮ বলে ঠিক ১০০ করে সোহাগ গাজীর বলে লং অনে আল আমিনের হাতে ক্যাচ দিয়েছেন। ১০০ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ১৬৬ রানের জুটি হয়েছে নাঈম-মুশফিকের।
সংক্ষিপ্ত স্কোর
ওয়াল্টন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল: ৩০৩ ও ৬২ ওভারে ২৩৪/১ (নাজিমউদ্দিন ৯৭* (আহত অবসর), নাফিস ৬৩, মুমিনুল ৪১*, তামিম ২৮*; আরাফাত ১/৪১) । মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৯২.৪ ওভারে ৪৭৫ (শামসুর ২৬৭, নুরুল ৯৪, সানি ৩৭, শাহরিয়ার ২৩, রকিবুল ২২; মাশরাফি ৩/৯৮, আলাউদ্দিন ২/১০৪, এনামুল জুনিয়র ২/১১৪, অলক ১/২৭, ইয়াসিন ১/৬৪)।
ফল: ড্র
ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল: ৪২১ ও ৭০ ওভারে ৩৪১/৭ (নাঈম ১০৬, মুশফিক ১০০, নাসির ৫০, ফরহাদ হোসেন ৪১, জুনায়েদ ২৪; তাইবুর ২/২৭, রবিউল ২/৪০, সোহাগ ১/৪১, আল আমিন ১/৬১)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১০৪ ওভারে ৪২৭/৮ ডি. (ইমরুল ১২৭, মিঠুন ১০৭, সৌম্য ৪২, জিয়া ৪০, তাইবুর ৩২, সোহাগ ২৪; তাইজুল ৪/৯৭, ফরহাদ রেজা ২/৬৯, নাজমুল ১/৬৯ সাকলাইন ১/১১১)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা।