কুয়াশায় ঢাকা উজ্জ্বল অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট নিয়ে মাতামাতি চলে সারা বছরই। কিন্তু কেমন আছে অন্য খেলাগুলো? এই খোঁজখবর নিতেই শুরু হলো নতুন ধারাবাহিক। জনপ্রিয় বা আন্তর্জাতিক পর্যায়ে বলার মতো সাফল্য আছে—এমন খেলাগুলোর বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখছেন খেলাটিরই কোনো এক তারকা খেলোয়াড়। আজ প্রথম দিন থাকছে জাতীয় খেলা কাবাডি

পেছনে উজ্জ্বল অতীত। সাম্প্রতিক সময়ে কিছুটা কুয়াশা। আমাদের গর্বের কাবাডির অতীত-বর্তমান বোঝাতে এ দুটি বাক্যই যথেষ্ট।

অতীত নিয়ে বেশি কিছু বলার নেই। সবাই জানেন। বর্তমানের খাতা খুললে দেখব, জাতীয় দল পুরোপুরিই সার্ভিসেস বাহিনীগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, নৌবাহিনী...। বাহিনীর মূল কাজ তো আগে চাকরি, তারপর খেলা। তবু তাদের দিকেই আমরা চেয়ে থাকি, কারণ এই দলগুলোই আমাদের একমাত্র ভরসা।

আনমনে ভাবি; আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলের মতো ক্লাবগুলো কাবাডিতে এলে খেলাটায় রং লাগত। আবাহনী-মোহামেডানের ফুটবল ম্যাচ ঘিরে দুই দলের পতাকা ওড়াতাম। ছোটবেলার সেই স্মৃতি মনকে বিষণ্ন করে এখন। নিজেকেই প্রশ্ন করি, এই দলগুলো কি পারে না সামান্য কিছু টাকায় কাবাডি দল গড়তে?

অথচ এশিয়ান গেমসে যাওয়ার আগে কাবাডি নিয়ে কী লেখালেখি! সবাই তাকিয়ে থাকে কাবাডির দিকে, ওরা পদক আনবে। একটা সময় তো ১৫-২০টি ইভেন্টের মধ্যে কাবাডিই ছিল একমাত্র ভরসা। সেই সম্মানটা আমরা আগে রক্ষা করতে পারতাম, এখন হোঁচট খাচ্ছি।

.
.

২০১০ গুয়াংজু এশিয়াডের পর চারটি বছর কাবাডি দল কোনো আন্তর্জাতিক আসরে যায় না। না খেললে কীভাবে উন্নতি হবে? খেলতে খেলতেই ক্রিকেটে আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছি, গোটা দেশ উৎসবে মেতেছে। অথচ বিশ্বকাপে কাবাডিতে আমরা পরপর তিনটি ব্রোঞ্জ এনেও প্রচারের আড়ালে। এই সাফল্য প্রচার পেলে স্পনসররা আগ্রহী হতে পারত।
আমাদের কাবাডিতেও তো বড় খেলোয়াড় এসেছে। জিয়ার মতো খেলোয়াড় আমরা পেয়েছি। ও তো কাবাডির ‘শচীন টেন্ডুলকার’! সেই জিয়ার জীবনে একটু আলো ফেলল গ্রামীণফোন-প্রথম আলোর ক্রীড়া পুরস্কার। নইলে ওকে সেভাবে কে-ই বা চিনত! দুঃখ লাগে, কাবাডি খেলোয়াড়দের সামাজিক মর্যাদা আগেও ছিল না, এখনো নেই। তার পরও কিছু খেলোয়াড় আসে। এরা সার্ভিসেস দলের সৈনিক, কনস্টেবল। খেলা না থাকলে এই খেলোয়াড়েরা বাহিনীর কাজে চলে যায়। কারও পোস্টিং হয় সীমান্তে। রাতে প্রহরী হিসেবে দায়িত্ব, হরতাল ঠেকাতে নামা... এই হলো ওদের চাকরিজীবন।
আহত হলে দেখার লোকের অভাব। জাতীয় খেলা হওয়া সত্ত্বেও দেশে একটা একাডেমি বা কোচিং সেন্টার নেই, বিকেএসপি-বিশ্ববিদ্যালয় কোথাও কাবাডি দেখি না। জাতীয় খেলার জাতীয় মর্যাদাই নেই। নিয়মিত লিগ, টুর্নামেন্ট হয় না আর্থিকসহ নানা সমস্যায়। এগুলো নিয়মিত হলে গ্রাম থেকে উঠে আসা ছেলেরা খেলতে পারত। এর সুবিধা পেত জাতীয় দলই। তা হচ্ছে না বলেই জাতীয় দল ম্রিয়মাণ। নানা কারণে গত দুটি এশিয়াডে আমরা পদক পাইনি। দেখুন, ব্রাজিলও সাত গোল খেয়ে আবার উঠে দাঁড়ায়। আমরা একবার পড়ে গেলেই বলি সব শেষ!

আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সাংগঠনিক অবস্থান খুবই দুর্বল। ভারতের পর বাংলাদেশই আগে ছড়ি ঘোরাত কাবাডিতে। পাকিস্তান, ইরান ১৫-২০ বছর আগে ছিল না। ওরা এখন আমাদের জায়গাটা দখল করেছে। প্রো-কাবাডি লিগ করা ভারতই দাদাগিরি করে কাবাডিতে। কাবাডির মানচিত্রে একসময় থাইল্যান্ড নামে কিছু ছিল না, এখন ওরাও বাইরের কোচ নিয়ে শক্তি বাড়াচ্ছে।

আবদুল জলিল
আবদুল জলিল

কাবাডি খেলাটা যে মাটি থেকে ম্যাটে চলে গেছে, এটাও তো আমরা জানলাম অনেক পরে। ২০০২ বুসান এশিয়াডে গিয়ে হঠাৎ দেখলাম, ম্যাট। কাবাডি এখন অনেক অত্যাধুনিক খেলা। অথচ আমাদের এখানে প্রশিক্ষণ ক্যাম্পে খেলোয়াড়দের ঠিকমতো থাকা-খাওয়ারই ব্যবস্থা নেই। এসব নিয়ে কথা বলতে নিজেকে ছোট লাগে। তবু বলি খেলোয়াড়দের স্বার্থে।
আমি চেষ্টা  করছি, আমার সঙ্গে আরও কয়েকজন শ্রম দিচ্ছেন কাবাডির জন্য। যখন খেলোয়াড় ছিলাম, সার্ভিসেস দলগুলোর মধ্যে কাবাডি খেলত বিডিআর ও পুলিশ টিম। ১৯৯৫ সালে জাতীয়  ক্রীড়া পরিষদে যোগ দিয়েছিলাম কোচ হিসেবে, ১৯৯৯ সালে সেনাবাহিনীতে কাবাডি চালু করেছি। ২০০৪ সালে নৌবাহিনী ও বিমানবাহিনী, ২০০৫ সালে মহিলা আনসার, ২০০৭ বাংলাদেশ জেল—সব কটি দলেই কাবাডির প্রচলনে আমি প্রতিষ্ঠাতা কোচ।
সেই আমি পেছনে তাকিয়ে নস্টালজিয়ায় ভুগি। ছোটবেলায় পাড়ায় গরু-খাসি জবাই করে হাতি-ঘোড়া নিয়ে বাজনা বাজিয়ে কী ধুমধামেই না কাবাডি খেলেছি! তখনকার দিনে একটা সাফ গেমসের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতাম। তারপর সিঁড়ি ভাঙা, ১৯৯০ সালে এশিয়ান গেমসে প্রথম অন্তর্ভুক্ত হওয়া কাবাডিতে রুপা, খেলোয়াড় হিসেবে এর অংশীদার আমিও। এরপর ১৯৯৪ ও ২০০২ এশিয়াডে রুপা জিতেছে বাংলাদেশ। ২০০২ বুসান এশিয়াডে কোচ ছিলাম।

এই পথচলায় শুরুর সময়ের চেয়ে কিছু সুযোগ-সুবিধা নিশ্চয়ই বেড়েছে। সাংবাদিকেরা আগে কাবাডি খেলোয়াড়দের চিনতেন না। এখন চেনেন। তবে দুঃখ লাগে, গ্রামে গিয়ে এখন কিনা কাবাডি শেখাতে হয় আমাকে! এনএসসির কোচ হয়ে সম্প্রতি গ্রামে গ্রামে ঘুরেছি কাবাডির প্রতিভা খুঁজতে। বাস্তবতা এটাই। একসময় গ্রামের বিনোদন বলতে  ছিল কাবাডিই। এখন বিনোদনের আরও অনেক দরজা খোলা। এখন তাই গ্রামে গিয়েও প্রতিভা অন্বেষণের মাধ্যমে কাবাডি খেলোয়াড় খুঁজতে হয়। তবে সবাই মিলে চেষ্টা করলে কুয়াশা কাটিয়ে আবারও রোদঝলমল দিনের দেখা পাবেই কাবাডি।

এখনই যা করতে হবে

১ অন্য দেশগুলো এগিয়ে যাচ্ছে। আমাদেরও এগোতে হবে। এ জন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে, এমন নেতৃত্বই কাম্য।

২ আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলের মতো ক্লাবকে কাবাডিতে আনতে হবে। উদ্যোগটা আমি মনে করি, সরকারও নিতে পারে।

৩ সব খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকদের নিয়ে একটা সেমিনার করা যেতে পারে। সবার মতামত নিয়ে এগোনোর একটা পথ বেরিয়ে আসবেই।

৪ ভালো মানের খেলোয়াড় চাই। এ জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে কাবাডি খেলোয়াড় বের করতে হবে। ওরা আসবে নতুন চিন্তা নিয়ে।

৫ কাবাডিকে আলোর পথ দেখাতে পৃষ্ঠপোষণা প্রয়োজন। বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানকে কাবাডিতে আগ্রহী করে তুলতে হবে।

অনুলিখন: মাসুদ আলম