এশিয়ান গেমসে নিজেদের অবস্থান জেনে এসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। অন্যরা রকেটের গতিতে এগোলেও বাংলাদেশের ফুটবল পিছিয়েই চলেছে। বাংলাদেশ দল নিয়ে নিজের প্রথম টুর্নামেন্টে মোটেও খুশি ছিলেন না কোচ রবার্ট রুবচিচ। রুবচিচের ‘নতুন বাংলাদেশ’ আজ শুরু করছে নতুন মিশন। প্রাক-অলিম্পিকের প্রথম ম্যাচে আজ কুয়েতের বিপক্ষে নামছে কুয়েতের মাঠে।এশিয়ান গেমসে বাংলাদেশের যে অনূর্ধ্ব-২৩ দল খেলেছিল, সেই দলের ৩-৪ জন ছাড়া বয়সের সীমাবদ্ধতায় বাকি আর কেউই নেই এই দলে। তাই শক্তির ব্যবধানের সঙ্গে মানসিকভাবেও বাংলাদেশ দল বেশ পিছিয়ে।বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু ম্যাচ, কাগজে-কলমে অনেক এগিয়ে কুয়েত। তার ওপর কুয়েতের অনূর্ধ্ব-২৩ দলটি অনেক দিন ধরে একসঙ্গে রয়েছে। অলিম্পিক প্রাক-বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই পেয়েছে বড় জয়। জাপানের বিপক্ষে ৩-০, ইয়েমেনের সঙ্গে ৫-০!কুয়েত থেকে ফোনে এসব তথ্য জানিয়ে বাংলাদেশ ম্যানেজার আমিরুল ইসলাম (বাবু) বলছিলেন, ‘ওরা অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ দল।’ ‘বাংলাদেশ কোচ রবার্ট রুবচিচের ধ্যানজ্ঞান শুধু এই ম্যাচ নিয়েই’—জানিয়ে বাংলাদেশ ম্যানেজার যোগ করলেন, ‘কোচ তো চেষ্টা করছেন ভালো কিছু করতে।’ভালো প্রস্তুতি দূরে থাক, রুবচিচ খেলোয়াড়দের হাতে পেয়েছেন কুয়েত যাওয়ার কয়েক দিন আগে। এ অবস্থায় ‘সম্মানজনক’ একটা ফলই চায় বাংলাদেশ। তবে ম্যানেজার বললেন, ‘অবশ্যই আমরা চ্যালেঞ্জ দেব ওদের।’ দুই দলের ফিরতি ম্যাচ ঢাকায়, ৯ মার্চ।