কৃতজ্ঞ, আপ্লুত টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো ম্যাচে ব্যাট হাতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতের বিশাল এক জনগোষ্ঠীর মনে আশার সঞ্চার করেন শচীন টেন্ডুলকার। তৈরি করে দেন ভারতীয় ভূখণ্ডের এ মানুষগুলোর বাঁধভাঙা উচ্ছ্বাস-আনন্দ উদযাপনের অনেক উপলক্ষ। ব্যাটটাকে তুলি বানিয়ে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলতে থাকেন ক্রিকেটের একেকটা মাস্টারপিস। তবে, দীর্ঘ ২১ বছরের এ বর্ণাঢ্য ক্যারিয়ারে লিটল মাস্টারের পথচলা কিন্তু সব সময়ই খুব মসৃণ ছিল না। অনেক সময়ই হোঁচট খেতে হয়েছে, থমকে যেতে হয়েছে নানা আকস্মিক আঘাতে। আর সেই সময়গুলোতে তাঁর দেশের মানুষ যেভাবে তাঁকে সমর্থন দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, তাতে আন্তরিকভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার।২০০১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এ ধরনের একটা বড় ধাক্কা খেয়েছিলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। পোর্ট এলিজাবেথ টেস্টে ম্যাচ রেফারি মাইক ডেনিস তাঁর বিরুদ্ধে এনেছিলেন বল টেম্পারিংয়ের অভিযোগ। শাস্তিস্বরূপ এক ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তিনি। সম্প্রতি এসব নিয়ে খুব খোলামেলা আলাপ করতে গিয়ে শচীন বলেছেন, ‘আমি খুবই অবাক হয়েছিলাম যখন আমার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হলো। আমি বলে লেগে থাকা ঘাসগুলো পরিষ্কার করছিলাম। কোনোভাবেই সিম তুলে ফেলার চেষ্টা করিনি। আমি আম্পায়ারকে সত্যি ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। কখনোই আমি এ রকম কাজ করিনি। কিন্তু ম্যাচ রেফারি আমার কোনো কথাতেই কান দেননি। তারপর থেকে আমি যখনই বল পরিষ্কার করি, সেটা আম্পায়ারকে জানিয়ে রাখি। সে সময় দেশবাসী আমার সততার ওপর বিশ্বাস রেখেছে, আমার পাশে দাঁড়িয়েছেন। আমি এটা কখনোই ভুলতে পারব না।’২০০০ সালের দিকে অনেক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ-পাতানোর অভিযোগে যখন গোটা ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলো, তখনো একেবারে অবিচল ছিলেন শচীন টেন্ডুলকার। সে সময়ের কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘আমি তাই করছিলাম, যা একজন ভারতীয় হিসেবে আমার করা উচিত ছিল। বরাবরই আমি যা করতাম, সে সময়ও খুব ভালোভাবে আমার দায়িত্ব আমি পালন করে গেছি।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।