কৃতজ্ঞ সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার সাঙ্গাকারার ব্যাটিং আর তাঁর কথা যেন একই। ব্যাটিংটা যেমন তারিয়ে তারিয়ে উপভোগ করার মতো, কথাগুলোও শোনা যায় মন্ত্রমুগ্ধ হয়ে। সেই সাঙ্গাকারাই কিনা কাল ভাষা খুঁজে পাচ্ছিলেন না!
সংবাদ সম্মেলনের শুরুতে এ রকমই কিছু একটা বোঝাতে চাইলেন। তবে সময় যত এগিয়েছে, একটু একটু করে ভাঁজ খুলে বেরিয়ে এসেছেন আসল ‘সাঙ্গা’। আবেগটাকে নিয়ন্ত্রণে রেখেই বলছিলেন, ‘একা কখনোই কিছু করতে পারবেন না আপনি। পরিবার, ভক্ত, সাপোর্ট স্টাফ—সবার কাছ থেকেই সমর্থনটা আসতে হবে। আপনি বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারেন, বিশ্বের সেরা বোলার হতে পারেন। তার পরও অনেকের সমর্থন প্রয়োজন হবে। আমি সেসবের জন্য অনেক কৃতজ্ঞ সবার কাছে। কারণ, এসব ছাড়া আজ আমি এ জায়গায় আসতে পারতাম না।’
গত সাত বছরে পাঁচবার কোনো না কোনো বিশ্ব আসরের ফাইনাল খেলে এই প্রথম শিরোপার দেখা পেল শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার দল এই সাফল্যটা উৎসর্গ করেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিদায়ী দুই ক্রিকেটার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনেকে। সতীর্থদের এই উপহারমাল্য গলায় পরে নিয়ে সাঙ্গকারা বললেন, ‘সবাই যে ব্যাপারটাকে এভাবে দেখছে, সেটা দারুণ একটা ব্যাপার। তবে একই সঙ্গে এই জয়টা আমরা দুই কোটি মানুষের জন্যও জিতেছি। এটা পুরো দলের সাফল্য, আমাদের পেছনে যারা ছিল সবার সাফল্য। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’
এমন একটা রাত প্রচণ্ড আবেগেরই হওয়ার কথা সাঙ্গাকারার জন্য। তবে আবেগের অর্থটাও যে তাঁর কাছে ভিন্ন, ‘আমি বিশ্বাস করি, আপনি যখন আবেগাক্রান্ত হবেন, তখন সেটার সুবিধাটাই নিতে হবে। সেটা না পারলে আবেগকে ভুলে যেতে হবে। জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় যখন একটা বাউন্ডারি পেলাম, তখন মনে হচ্ছিল আর তো কয়েকটা শটেরই ব্যাপার। থিসারা তুলির শেষ আঁচড়টা দেওয়ার পরই মনে হলো, এবার একটু আবেগ প্রকাশ করা যায়।’
টেস্ট-ওয়ানডেতে আরও খেলবেন সাঙ্গাকারা। তবে টি-টোয়েন্টি ছেড়ে যাওয়ার সময়ও ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কম করলেন না, ‘এই খেলাটা আমাদের অনেক সুযোগ করে দিয়েছে। আজ (গতকাল) সে রকমই একটা সুযোগ ছিল। এর আগে যে সুযোগটা এসেছিল চারবার, কিন্তু আজকে (গতকাল) আমরা সেটা কাজে লাগাতে পারলাম।’
আর তাতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাঙ্গাকারা-জয়াবর্ধনের বিদায়টাও হয়ে থাকল স্মরণীয়।