কৃতিত্ব রেইনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি দলের অধিনায়ক। পোস্টের নিচে তাঁকে জায়গা দিতে গিয়ে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে বর্তমান দুনিয়ার অন্যতম সেরা দুই গোলররক্ষক ভিক্টর ভালদেজ ও পেপে রেইনাকে। এর মাঝে আবার তাঁর একটা ছোট্ট ভুলে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলও হজম করতে হয়েছিল।সব মিলিয়ে কি চাপে পড়ে গিয়েছিলেন ইকার ক্যাসিয়াস? যদি কোনো চাপ এসেও থাকে কাল এক ম্যাচে সব চাপ উড়িয়ে দিলেন ‘সেইন্ট ইকার’। ম্যাচে কিছু গোল তো বাঁচালেনই। সবচেয়ে বড় কাজটা করে ফেললেন ৫৯ মিনিটে অস্কার কারদোজোর পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে।স্পেন-প্যারাগুয়ে ম্যাচে মিনিট তিনেকের মধ্যে গোটা দুই পেনাল্টি নাটক হয়ে গেল। দুটো পেনাল্টির একটাতেও গোল হয়নি। জাবি আলোনসোর নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন প্যারাগুয়ের জাস্তো ভিলার। আর ক্যাসিয়াস বাঁ দিকে ঝাঁপ দিয়ে ধরেই ফেললেন কারদোজোর শট।ম্যাচ শেষে স্বভাবতই স্পেনের সবাই মেতে উঠেছেন ক্যাসিয়াসের বন্দনায়। কোচ ভিসেন্তে দেল বস্ক বলছেন, ‘ক্যাসিয়াস অসামান্য পারফরম্যান্স করেছে। সে দুটো দুর্দান্ত সেভ করেছে।’ সতীর্থদের ক্যাসিয়াস-বন্দনা অবশ্য এমন সাদামাটা নয়। যেমন ডেভিড ভিয়া বলছেন, ‘ক্যাসিয়াস সব সময়ই ত্রুটিহীন। শুধু আমরাই জানি, ও কতবার এ রকম সময়ে এসে আমাদের উদ্ধার করেছে। ভবিষ্যতেও নিশ্চয়ই করবে।’ক্যাসিয়াসের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, ‘যেখানে, যেভাবে দরকার ইকার সাহায্য করে। দলে ওর উপস্থিতিটাই আমাদের জন্য বিরাট পাওয়া।’ পিকের ক্লাব-সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাও একই সুরে বলছেন, ‘যখনই আমাদের দরকার হয়, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইকার।’এত প্রশংসায় একটু লজ্জা পেয়ে গেলেন ক্যাসিয়াস? তা পেতে পারেন। সে জন্যই কিনা, দুর্দান্ত এই গোল বাঁচানোর কৃতিত্ব ভাগ করে নিলেন সাইডলাইনে বসে থাকা পেপে রেইনার সঙ্গে, ‘পেনাল্টিটা আসলে ঠেকে গেছে। এটাই ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠল। আমি খুবই সৌভাগ্যবান যে পেনাল্টিটা ঠেকাতে পেরেছি। সত্যি কথা বলি, আমি ওই দিকে লাফ দিয়েছি পেপে রেইনার সঙ্গে ম্যাচের আগে কিছু কথা বলার কারণে। ও বলছিল, কারদোজো নাকি সাধারণত বল খুব জোরে শট করে এবং নিজের ডান দিকে মারে। ফলে এই সেভটাকে বলতে পারেন আমার সহজাত প্রবণতা আর সতীর্থের সহযোগিতার একটা মিশ্রণ।’রেইনা অবশ্য এত কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বরং ভয় পাচ্ছিলেন কারদোজোকে নিয়ে তাঁর বলা কথা ক্যাসিয়াসকে না বিভ্রান্ত করে দেয়, ‘ওরই (ক্যাসিয়াস) পুরো কৃতিত্ব প্রাপ্য। কারণ ও-ই পেনাল্টিটা ঠেকিয়েছে। আমি বুঝছি না, আমি ওকে সাহায্য করতে পেরেছি, নাকি বিভ্রান্ত করে দিয়েছিলাম!’ ওয়েবসাইট।