কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা
মাগুরা ক্রিকেট লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাল সংবর্ধনা দেওয়া হলো ১১তম এসএ গেমসে সোনাজয়ী ও রুপাজয়ী মাগুরার চার কৃতী খেলোয়াড়কে। তাঁরা হলেন শারমিন আক্তার (রত্না), শাম্মী আক্তার, মিন্টু শেখ ও কাজী শাহিনারা। শারমিন শ্যুটিংয়ে এবং শাম্মী তায়কোয়ান্দোতে একক সোনা জিতেছেন, মিন্টু শেখ ফুটবলে দলগত সোনাজয়ী। শাহিনারা রুপাজয়ী মহিলা কাবাডি দলের সদস্য। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিদার বখতের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবর। এদিকে মেহেরপুরেও কাল সংবর্ধিত হয়েছেন ১১তম এসএ গেমসের প্রথম সোনাজয়ী ভারোত্তোলক হামিদুল ইসলাম। মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর পৌরসভা ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অরণী থিয়েটার। এসএ গেমসের রুপাজয়ী ভারোত্তোলক হামিদুলের ভাই একরামুল হক ও জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসকেও সংবর্ধনা দেওয়া হয়েছে একই মঞ্চে। ভূমিহীন দরিদ্র পরিবারের সন্তান হামিদুল যেভাবে তাঁর সাফল্যের পেছনের কাহিনি বর্ণনা করেন, তাতে অনুষ্ঠানে আসা সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালউদ্দিন ও পুলিশ সুপার ইকবাল হোসেন হামিদুলের পরিবারকে সরকারি খাস জমি বরাদ্দের আশ্বাস দিয়েছেন।