কৃষ্ণার পাঁচ গোল
প্ল্যান অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কাল রাজশাহীতে টাঙ্গাইল ৮-১ গোলে হারিয়েছে বগুড়াকে। কৃষ্ণা করেছেন ৫ গোল। পটুয়াখালীতে বরিশাল টাইব্রেকারে ১(৩)-১(২) হারিয়েছে বাগেরহাট জেলাকে। দিনাজপুরে দিনাজপুর ও লালমনিরহাটের ম্যাচটি গেছে গোলশূন্য। চুয়াডাঙ্গায় কুষ্টিয়া তামান্না, শিরিন ও মিনির গোলে (৩-০) হারিয়েছে ঝিনাইদহকে।
পারলেন না প্রেননয়
যুব অলিম্পিকের কন্টিনেন্টাল বাছাইপর্বের সেমিফাইনালে উঠেও সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের তিরন্দাজ প্রেননয় মুরং। চীনা তাইপেতে কাল ছেলেদের রিকার্ভ বোয়ে ফিলিপাইনের লুইস গ্যাব্রিয়েলের কাছে ২-৬ সেটে হেরে যান প্রেননয়। পরে ব্রোঞ্জের লড়াইয়েও হেরেছেন, কাজাখস্তানের ইয়াগুদিয়েব আনসারের কাছে ৪-৬ সেটে। মহিলা বিভাগের এলিমিনেশন রাউন্ডে ইরানের ফারাহমানদ দেলিয়ারের কাছে টাইব্রেকারে (৫-৬) হেরেছেন হীরা মনি।—ক্রীড়া প্রতিবেদক
জেলা ফুটবল লিগ
মামুনের হ্যাটট্রিক ও সঞ্জয়ের ২ গোলে মানিকগঞ্জে দোসরা পল্লীমঙ্গল সমিতি ৫-০ গোলে হারিয়েছে গড়পাড়া অ্যাসোসিয়েশনকে। ঠাকুরগাঁওয়ে প্রগতি সংঘ ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্সকে।—ক্রীড়া প্রতিবেদক