জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়ার রহস্যের জট খুলতে চলেছে। হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ কাল জানিয়েছেন, এয়ারটেলের যে নম্বর থেকে ওই খুদে বার্তা পাঠানো হয়, সেটি দেওয়া হয় বংশাল টাওয়ারের আওতার মধ্য থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ওই সিমটি মোহাম্মদ কামাল নামের একজনের। সেটি নিবন্ধিত হয় ঢাকার কেরানীগঞ্জে। হকি অঙ্গনে মোহাম্মদ কামাল নামে কেউ নেই। কে এই কামাল, তাঁর মুঠোফোন থেকে কে বা কারা ওই খুদে বার্তা পাঠিয়েছে, তা বের করার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।