
কোনোভাবেই ব্যাপারটা মাথায় ঢুকছিল না ডোয়াইট ফিলি ডেভিসের। প্রমোদতরি নিয়ে দুজন মানুষ পানিতে ভেসে বেড়াবেন। পাল তুলে, দুলে দুলে প্রমোদতরি চালিয়ে ‘রেস-রেস’ ভাব আনবে, আর সেটা নিয়েই এত আলোচনা! হোক না রেসটা যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ডের মধ্যে, তবু পত্রিকার পাতায়, চায়ের আড্ডায় মানুষের বিপুল আগ্রহ। ঈর্ষাটা কোথায় লুকাবেন ভাবতে ভাবতেই একটা বুদ্ধি খেলে গেল ডেভিসের মাথায়। আমার খেলাটায় এমন কিছু হলে কেমন হয়!
কোন খেলা? এই ডোয়াইট ফিলি ডেভিসই বা কে?
পিয়েরে দ্য কুবার্তিন বললেই সবাই বুঝে নেয় আধুনিক অলিম্পিকের কথা বলা হচ্ছে। জুলে রিমে বললেই আর ফুটবল বিশ্বকাপের কথা আলাদা করে বলতে হয় না। কিন্তু হার্ভার্ড গ্র্যাজুয়েটের দুর্ভাগ্য—তাঁর নামেই ট্রফি, কিন্তু কোন খেলার, তাঁর পুরো নাম দেখেও সেটি অনেকে বুঝতে পারেন না—টেনিস!
১৮৭৯ সালে সেন্ট লুইসের এক ধনাঢ্য পরিবারে জন্ম। ১৪ বছর বয়সে টেনিস র্যাকেট হাতে তোলা। কলেজে পা রাখার পর সেটাই রূপ নিয়েছিল নেশায়। হার্ভার্ডের বন্ধু হলকম্ব ওয়ার্ডকে নিয়ে জিতেছেন ১৮৯৯ ইউএস ওপেনের (সে সময়ের ইউএস চ্যাম্পিয়নশিপ) দ্বৈত শিরোপা। যেটি জিতেছিলেন পরের দুই বছরও। তবে ইতিহাসে অমর হয়ে আছেন খেলোয়াড় হিসেবে নন, সংগঠক হিসেবে। যখন আমেরিকাস কাপের ব্যানারে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ইয়ট রেস নিয়ে ব্যাপক আলোচনা দেখে টেনিসকেও বৈশ্বিক জনপ্রিয়তা দেওয়ার চিন্তা মাথায় এল তাঁর।
যুক্তরাষ্ট্রের জাতীয় লন টেনিস অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আমন্ত্রণ পাঠালেন ব্রিটেনে। সে প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হলেন ব্রিটেনের সেরা তিন খেলোয়াড়—আর্নেস্ট ডগলাস ব্ল্যাক, হার্বার্ট রপার ব্যারেট ও আর্থার গোর। এত আয়োজন করে ডেকে আনা, সেটার পুরস্কারও তো দিতে হবে! এগিয়ে এলেন ডেভিস। ৭৫০ (মতান্তরে ১০০০) ডলার দিয়ে বানিয়ে দিলেন ১৩ ইঞ্চি লম্বা ও ১৮ ইঞ্চি চওড়া এক ট্রফি। কালে কালে যে ট্রফির তলায় বিশালকায় এক ভিত্তি জুটেছে বিজয়ী দলগুলোর নাম যুক্ত হবে বলে।
তবে ১৯০০ সালে অতটা কল্পনা করেননি ডেভিস। প্রথম আয়োজনটা ভালোভাবে শেষ করাই তখন মূল চিন্তা। বন্ধু ওয়ার্ড ও হার্ভার্ডেরই আরেক সঙ্গী ম্যালকম হুইটম্যানকে নিয়ে তাঁর সৃষ্ট দল ইতিহাস গড়ল ম্যাসাচুসেটসের লংউড ক্রিকেট ক্লাব মাঠে। বৃষ্টির কারণে দুটো ম্যাচ হতে না পারলেও ৩-০ ব্যবধানে প্রথম ডেভিস কাপটা জিতে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন টুর্নামেন্টটি ‘আন্তর্জাতিক লন টেনিস চ্যালেঞ্জ’ নামে হলেও ১৯৪৫ তাঁর মৃত্যুর পরের বছর থেকে এটি ডেভিস কাপ।
১৯০২ সালে অবসরের পর ডেভিস আইনে ডিগ্রি নিয়ে ‘সেক্রেটারি অব ওয়ার’ও হয়েছিলেন। কিন্তু ইতিহাস তাঁকে মনে রাখবে এই প্রতিযোগিতার জন্য। মাত্র দুটি দেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা এখন এক শ ছাড়িয়েছে। টেনিসকে বৈশ্বিক রূপ দিয়েছে পানপাত্র গড়নের ওই রুপালি ট্রফিটাই। যেটা নিয়ে আবার আক্ষেপ ছিল ডেভিসের, ‘যদি তখন এটার গুরুত্ব বুঝতাম, তবে এটা সোনা দিয়ে মুড়িয়ে দিতাম!’
* টেনিসডটকম অবলম্বনে