কে ছড়াবেন বেশি আলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খেলাটা দলের, ব্যক্তিগত পারফরম্যান্স তাই এখানে বড় নয়; আবার বড়ও। ব্যক্তির পারফরম্যান্সের ওঠা-নামাই তো গড়ে দেয় দলের ভাগ্য। সমর্থনটা দলকে ঘিরে হতে পারে, নজরটা কিন্তু থাকে তারকা ক্রিকেটারদেরই ওপর। কোনো সন্দেহ নেই, এশিয়া কাপেও তা-ই থাকবে। সব জয়েই তো এক বা একাধিক নায়ক থাকেন। পাশের ছবিতে যাঁদের দেখছেন, এশিয়া কাপে তাঁরাই নায়ক হয়ে উঠবেন এমন কোনো কথা নেই। খেলাটাই যখন গৌরবময় অনিশ্চয়তার, খেলোয়াড়দের পারফরম্যান্সের নিশ্চয়তা দিতে পারে এমন সাধ্য কার! তবে এর পরও ক্রিকেটে ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো চিরকালীন নায়কেরা ছিলেন, আছেন বা থাকবেন। আবার খুঁজলে সুরিন্দর খান্নার মতো অনেক ক্রিকেটার পাওয়া যাবে যাঁরা এক টুর্নামেন্টে ‘নায়ক’ হয়ে হারিয়ে গেছেন পরে। তবে ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা ও রকম নন। নিজেদের যোগ্যতা আর দক্ষতা তাঁরা প্রমাণ করেছেন অনেকবার। রেকর্ড, অতীত পারফরম্যান্স আর ফর্ম মিলিয়েই নজরটা যে এঁদের ওপর বেশি থাকবে, সেটা তাই বলাই যায়। অধিনায়কদের ইচ্ছা করেই বাইরে রাখা হয়েছে এই ছবির কোলাজ থেকে। ক্রিকেট খেলায় অধিনায়কই যে দলের সবচেয়ে বড় নায়ক, সেটি কি আর বলার অপেক্ষা রাখে?
এক দিনের ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে এশিয়ান শ্রেষ্ঠত্বের যে লড়াই শুরু হচ্ছে, তাতে এঁদের কেউই আলো ছড়াবেন তাঁর দলের হয়ে নাকি মঞ্চ হবে নতুন কোনো নায়কের? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষার প্রহর কিন্তু খুব দীর্ঘ হচ্ছে না।