কে বা কারা, জানতে চান ফেদেরার

টেনিসে ম্যাচ গড়াপেটার অভিযোগ ঝড় তুলেছে সারা দুনিয়ায়। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার দিনই বাজফিড নিউজ ও বিবিসির দুটো প্রতিবেদনে জানা যায়, গত এক দশকে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ তারকার ১৬ জনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আছে।
স্বাভাবিকভাবেই টেনিস বিশ্ব এই খবরে বিস্মিত। চলছে নানা গুঞ্জনও। সেই ১৬ জনের নাম উল্লেখ না করায় গুঞ্জনের মাত্রাও বেড়ে চলেছে। সবাই আগ্রহী সেই ১৬ জনের নাম জানতে। এতে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা বলেছেন, ১৬ জনের নাম প্রকাশ করা হোক। বলে দেওয়া হোক, কে বা কারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল। কিংবা জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সুইস তারকা পুরো বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার শেষ দেখতে চান, ‘আমি এই খেলোয়াড়দের নাম জানতে চাই। নাম প্রকাশের পরপরই বিষয়টি একটি পূর্ণাঙ্গ রূপ নেবে। তখন এটা নিয়ে বিতর্ক করা যাবে।’
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি বলেছেন, ‘পুরোপুরি কল্পনার আশ্রয় নিয়ে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলা একটা বাজে ব্যাপার।’
টেনিস খেলাটির বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি বলেই মনে করেন ফেদেরার, ‘যে অভিযোগ এসেছে, সেটাকে গুরুত্বের সঙ্গেই নিতে হবে আমাদের। অভিযোগটা কত উঁচুতে উঠতে পারে, উঠুক। যত ওপরে অভিযোগটা ছড়িয়ে পড়বে, আমি ততই বিস্মিত হব, কোনো সন্দেহ নেই। ম্যাচ গড়াপেটায় কাদের প্রস্তাব দেওয়া হয়েছে, এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, এটাই বড় ব্যাপার। আমি মনে করি টেনিসে এই ধরনের কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। যারা এ ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারেও আমার কোনো সহানুভূতি নেই।’
ম্যাচ গড়াপেটার বিভিন্ন প্রমাণ পেয়েও টেনিস কর্তৃপক্ষের এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে গাফিলতির বিষয়ে ফেদেরারের মন্তব্য কিছুটা কূটনৈতিক, ‘এ ধরনের বিষয়ের বিরুদ্ধে বাড়তি কিছু করার সুযোগ সব সময়ই থাকে। ব্যাপার অনেকটা আমার অনুশীলনের মতো। আমি অনেক বেশি অনুশীলন করি, কিন্তু একটু বাড়তি অনুশীলনে ক্ষতি কী!’
ম্যাচ গড়াপেটার এই অভিযোগকে ক্রীড়াক্ষেত্রে ডোপ-পাপের সঙ্গেই তুলনা করেছেন ফেদেরার। ডোপের মতো অভিযোগ বলেই নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি তড়িৎ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়।