কে সেরা, মেসি না রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসিকে নিয়ে সাবেক বার্সেলোনা-সতীর্থ থিয়েরে অঁরির সেই মুগ্ধতা আছে আগের মতোই l ফাইল ছবি
লিওনেল মেসিকে নিয়ে সাবেক বার্সেলোনা-সতীর্থ থিয়েরে অঁরির সেই মুগ্ধতা আছে আগের মতোই l ফাইল ছবি

এই বিতর্ক যেন কখনোই শেষ হওয়ার নয়। ফুটবলার হিসেবে দুজনের কে সেরা, থিয়েরি অঁরি সরাসরি সেই বিতর্কে যাননি। তবে সাবেক ফরাসি স্ট্রাইকার বলছেন প্রতিভার দিক থেকে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি।
মেসি খাঁটি প্রতিভা।অস্পর্শনীয়। তাঁর সঙ্গে অন্য কারও তুলনা হয় না। এভাবেই মেসি-মুগ্ধতা জানালেন অঁরি। রোনালদো প্রসঙ্গে বলছেন, তুলনামূলকভাবে প্রতিভা একটু কম হলেও রোনালদো তা পুষিয়ে নেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা সময়ের অন্যতম সেরা, সেটা যতটা প্রতিভার কারণে তার চেয়েও অনেক বেশি কঠোর পরিশ্রমের ফসল বলেই মনে করেন অঁরি।
বছরের শুরুতে মেসিকে টপকে রোনালদোই জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পারফরম্যান্সে মেসি অনেক এগিয়ে।রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপপর্বেই। অন্যদিকে মেসি দলকে তুলেছেন ফাইনালে। নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ঠিক এই সময়েই সাবেক সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ অঁরি।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলসে যাওয়ার আগে অঁরি বার্সেলোনায় তিন বছর খেলেছেন। তাই ভালো করেই জানেন মেসি কতটা প্রতিভাবান।ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে বিবিসিতে আলাপচারিতায় অঁরি বলেছেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তবে খেলাটির জন্য ক্রিস্টিয়ানোর কঠোর পরিশ্রম করাটাকেও সম্মান করি।’ জন্মের সময়ই মেসির শারীরিক গঠন ছিল একটু অস্বাভাবিক। সেটা মনে করিয়ে দিয়ে অঁরির সংযোজন, ‘মেসি একজন ঈশ্বরপ্রদত্ত প্রতিভাবান।’
অঁরির সাবেক জাতীয় দল সতীর্থ লুইস সাহা একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন। লুইসের উদাহরণ টেনে অঁরি বলছেন, ‘লুইস আমাকে বলেছে, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো ছিলেন সবচেয়ে বেশি পরিশ্রমী খেলোয়াড়। আমি বলছি না যে, মেসি পরিশ্রম করে না—তবে সেটা অনেক বেশি প্রকৃতিপ্রদত্ত। রোনালদো শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সত্যিই অনেক পরিশ্রম করেছেন। দুজনের মানসিকতা একই রকম। পার্থক্যটা প্রতিভায়।’
মেসি তো আছেনই। বার্সেলোনা এবার দলে টেনেছে লুইস সুয়ারেজকে। অঁরির বিশ্বাস, উরুগুইয়ান স্ট্রাইকারও ন্যু ক্যাম্পে সফল হবেন, ‘সুয়ারেজের খেলায় কলুষিত একটা দিক আছে—তবে আমি সেটাকে প্রতারণা বলব না। সে জানে কীভাবে গোল করতে হয়।’ গোলডটকম।