কে সেরা—মেসি না রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বে বিতর্কটা অনেকদিন ধরেই চলছে। এসময়ের সেরা ফুটবলার কে? মেসি না রোনালদো? বার্সেলোনার জার্সি গায়ে জাদুকরী ফুটবল খেলায় অনেকেই এগিয়ে রেখেছেন মেসিকেই। ফিফার স্বীকৃতিও আছে মেসির পেছনে। টানা তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আবারও আলোচনায় ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালকে সেমিফাইনালে তোলার পেছনে বেশ বড় অবদান এই পর্তুগিজ স্ট্রাইকারের।ইউরো চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোভাবে করতে না পারলেও এখন রোনালদোকে ঘিরেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল। গত ২১ জুন চেক রিপাবলিককে হারিয়ে সেমিফাইনালেও চলে গেছে পর্তুগিজরা। আর রোনালদো ৩টি গোল করে টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার জোরালো দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অনেকের ভাবনাতেই এখনো মেসি থেকে পিছনেই আছেন রোনালদো। তবে এবার যদি পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাটা এনে দিতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই অনেকখানি এগিয়ে যাবেন রিয়াল মাদ্রিদের এই তারকা। কারণ এখন পর্যন্ত নিজ দেশের পক্ষে বড় কোন শিরোপা জয়ের সৌভাগ্য হয়নি এ সময়ের সেরা এই দুই ফুটবলারের।মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে শুধু ২০০৮ সালের অলিম্পিক সোনাটাই জিততে পেরেছেন। আর রোনালদো ২০০৪ সালে গিয়েছিলেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত। কিন্তু শেষপর্যন্ত পাননি শিরোপা জয়ের স্বাদটা। ফলে এইবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে হলে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাটা এনে দিতে হবে রোনালদোর। সেটা তিনি পারবেন কিনা, সেটাই দেখার বিষয়।—ওয়েবসাইট